Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ফরিদপুর / ভাঙ্গা-মাওয়া মহাসড়কে ভ্যানচাপায় নিহত ১, বিক্ষোভ - Chief TV

ভাঙ্গা-মাওয়া মহাসড়কে ভ্যানচাপায় নিহত ১, বিক্ষোভ - Chief TV

2026-06-15  ডেস্ক রিপোর্ট  41 views
ভাঙ্গা-মাওয়া মহাসড়কে ভ্যানচাপায় নিহত ১, বিক্ষোভ - Chief TV
ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া মহাসড়কের বগাইল টোল প্লাজা এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় তুরাপ মোল্লা (৫৫) নামে এক দিনমজুর ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তুরাপ মোল্লা ভাঙ্গা পৌরসভার চৌধুরীকান্দা সদরদী গ্রামের মৃত মুনসুর মোল্লার ছেলে।
 
এই নির্মম দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক ও বিক্ষুব্ধ জনতা ঘাতক কাভার্ড ভ্যানসহ মহাসড়কে থাকা আরও কয়েকটি যানবাহনে আকস্মিক হামলা ও ভাঙচুর চালায়। পরে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ড থেকে একটি ভ্যানগাড়িতে করে কাজের উদ্দেশ্যে তুজারপুরের দিকে যাচ্ছিলেন কয়েকজন দিনমজুর। পথিমধ্যে বগাইল টোল প্লাজার লিংক সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাদের ভ্যানগাড়িটিকে সজোরে চাপা দেয়।
 
এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তুরাপ মোল্লা এবং ভ্যানে থাকা আরও দুই শ্রমিক গুরুতর আহত হন। হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে এবং ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Share: