Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / বিশাল জনসংখ্যাকে জনসম্পদ করবেন শিক্ষকেরাই - Chief TV

বিশাল জনসংখ্যাকে জনসম্পদ করবেন শিক্ষকেরাই - Chief TV

2026-06-17  ডেস্ক রিপোর্ট  22 views
বিশাল জনসংখ্যাকে জনসম্পদ করবেন শিক্ষকেরাই - Chief TV

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই জনসম্পদে পরিণত করতে পারেন। বুধবার (১৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা খাতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ শতাংশ বাজেট দিয়েছেন, যা কার্যকর করতে হবে। দেশের এই বিশাল জনসংখ্যা আসলে সম্পদ এবং একে জনসম্পদে রূপান্তরের জন্য শুধু উচ্চশিক্ষা নয়, কারিগরি শিক্ষাব্যবস্থার ওপরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম দায়িত্ব। আজকের এই পুরস্কার প্রাপ্তি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং এই একাডেমিক সাফল্য তাদের সমাজের জন্য কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, অনেকেই শিক্ষাব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করলেও তারা কাজ করে যাচ্ছেন। তারেক রহমানের নেতৃত্বে এবার ক্ষমতায় এসে এমনভাবে কাজ করা হচ্ছে যেন শিক্ষাব্যবস্থায় কোনো আঘাত না আসে। বর্তমান প্রধানমন্ত্রীও শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।

সংস্কৃতি ও ধর্মীয় বিভাগে আরও মনোযোগ দেওয়া প্রয়োজন এবং বাংলাদেশ এসব ক্ষেত্রে পিছিয়ে আছে জানিয়ে মন্ত্রী বলেন, তারা ইতিমধ্যে সিলেবাস ও কারিকুলাম পরিবর্তনের কাজ শুরু করেছেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকার শিক্ষাকে ধ্বংস করতে চেয়েছিল, তবে সেই পরিস্থিতি থেকে তারা বেরিয়ে এসেছেন। বর্তমানে তারা যে নেতা পেয়েছেন, তেমন নেতা আর পাওয়া যাবে কিনা তা প্রকাশ করে তিনি বলেন, সারা দেশের শিক্ষাব্যবস্থাকে একটি আনন্দমুখর পরিবেশে নিয়ে যাওয়ার লক্ষ্যে তারা কাজ করছেন।

বিশ্ববিদ্যালয়ের হল ও ছাত্রাবাস নির্মাণ নিয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করা হবে জানিয়ে তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসর বাড়লে এটি আরও সুন্দর হবে এবং এটি একটি ঐতিহাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিনস অ্যাওয়ার্ড হিসেবে মোট ১০৪ জনকে এই পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে কলা অনুষদের ২১ জন, বিজনেস স্টাডিজের ১৬ জন, বিজ্ঞান অনুষদের ১৫ জন, সামাজিক বিজ্ঞান অনুষদের ১৭ জন, লাইফ অ্যান্ড আর্ট সায়েন্সের ২৯ জন, আইন অনুষদের ৩ জন এবং চারুকলা অনুষদের ৩ জন এই অ্যাওয়ার্ড লাভ করেন।


Share: