Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আন্তর্জাতিক / ৮৩ সন্তানের মা হচ্ছেন আলবেনিয়ার এআই মন্ত্রী “ডিয়েলা”- Chief TV

৮৩ সন্তানের মা হচ্ছেন আলবেনিয়ার এআই মন্ত্রী “ডিয়েলা”- Chief TV

2025-10-27  ডেস্ক রিপোর্ট  191 views
৮৩ সন্তানের মা হচ্ছেন আলবেনিয়ার এআই মন্ত্রী “ডিয়েলা”- Chief TV

আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা এক অবাক করা ঘোষণায় জানিয়েছেন, দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মন্ত্রী “ডিয়েলা” এখন “গর্ভবতী” এবং শিগগিরই “৮৩ সন্তান” জন্ম দিতে চলেছেন! রোববার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি-র এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গ্লোবাল ডায়ালগ (BGD) সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী রামা রসিকতার ছলে বলেন,

“আমরা আজ ডিয়েলাকে নিয়ে বেশ ঝুঁকি নিয়েছি এবং আমরা খুব ভালো করেছি। তাই প্রথমবারের মতো ৮৩ সন্তানের সাথে ডিয়েলা গর্ভবতী।”

তিনি ব্যাখ্যা করেন, এই “শিশুরা” আসলে একদল এআই সহকারী—যারা সংসদের প্রতিটি কার্যক্রম রেকর্ড করবে। সংসদ সদস্যরা অনুপস্থিত থাকলে এই এআই সহকারীরা তাদের জানিয়ে দেবে, ঠিক কী আলোচনা হয়েছে, কার কী বক্তব্য ছিল, এমনকি কাকে পাল্টা জবাব দিতে হবে।

রামা মজার ছলে আরও যোগ করেন,

“যদি কেউ কফি খেতে গিয়ে অধিবেশনে ফিরে আসতে ভুলে যায়, তাহলে এই শিশুটি জানিয়ে দেবে কী বলা হয়েছে এবং কাকে উত্তর দিতে হবে।”

আলবেনিয়ার প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, ২০২৬ সালের শেষ নাগাদ এই পূর্ণাঙ্গ এআই সিস্টেম চালু হবে, যা সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, “ডিয়েলা”—যার অর্থ “সূর্য”—২০২৪ সালের সেপ্টেম্বরে আলবেনিয়ার পাবলিক ক্রয় ব্যবস্থাকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্তa করার লক্ষ্য নিয়ে নিয়োগ পান। তিনি বর্তমানে ই-আলবেনিয়া প্ল্যাটফর্মে ভার্চুয়াল সহকারী হিসেবে কাজ করছেন, নাগরিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সরকারি নথি সংগ্রহে সহায়তা দিচ্ছেন।

এআই-উৎপাদিত এই মন্ত্রীকে ঐতিহ্যবাহী আলবেনিয়ান পোশাকে এক নারী অবতারে উপস্থাপন করা হয়েছে। বর্তমানে ডিয়েলা পাবলিক টেন্ডার সিদ্ধান্তের সম্পূর্ণ দায়িত্বে রয়েছেন, যা প্রধানমন্ত্রী রামার দাবি অনুযায়ী “১০০ শতাংশ দুর্নীতিমুক্ত” এবং “সম্পূর্ণ স্বচ্ছ।”

এই নিয়োগের মাধ্যমে আলবেনিয়া ইতিহাস সৃষ্টি করেছে—বিশ্বের প্রথম দেশ হিসেবে একজন অ-মানব (এআই) সরকারী মন্ত্রী নিয়োগ দিয়ে।

কোড আর পিক্সেল দিয়ে তৈরি এই ডিজিটাল সত্তা “ডিয়েলা” এখন রূপক অর্থে “৮৩ সন্তান”-এর জননী হতে চলেছেন—যারা আলবেনিয়ার সংসদীয় কার্যক্রমকে আরও প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও কার্যকর করে তুলবে।


Share: