২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। অনশনরতদের মধ্যে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি ও বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজীজি সহ অন্তত ছয়জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আদনান হাবিবুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
দাবি আদায়ের আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ১২টায় শাহবাগে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। সোমবার (২০ অক্টোবর) দুপুরে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজীজি সতর্ক করে বলেন, “আমরা ২২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করব। এর পরও যদি প্রজ্ঞাপন না জারি হয়, তাহলে যে পরিস্থিতি সৃষ্টি হবে, তা বাংলাদেশ আগে কখনো দেখেনি। প্রয়োজনে সবাইকে ঢাকায় এনে যমুনা ঘেরাও করা হবে।”
উল্লেখ্য, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা এবং উৎসবভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশে উন্নীত করার দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে শিক্ষক-কর্মচারীরা ১২ অক্টোবর থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
সেদিন সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু হলেও পুলিশের অনুরোধে তারা পরে শহীদ মিনারে চলে যান। তবে সেখানে পুলিশের সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জের ঘটনায় তারা সরে যেতে বাধ্য হন। এ ঘটনার প্রতিবাদে ১৪ অক্টোবর থেকে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতি চলছে। এরপর থেকে শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাব ও শহীদ মিনারে অবস্থান, সচিবালয় অভিমুখে লংমার্চ এবং শাহবাগ অবরোধসহ ধারাবাহিক কর্মসূচি পালন করে যাচ্ছেন।