ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) চলমান আপিল শুনানিতে আরও ৫৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার আপিল শুনানির চতুর্থ দিনের কার্যক্রম শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত এই শুনানিতে মোট ৭০টি আপিল আবেদনের ওপর শুনানি হয়। এর মধ্যে ৫৩টি আপিল মঞ্জুর করে সংশ্লিষ্ট প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। অপরদিকে ১৭টি আবেদন নামঞ্জুর করা হয়েছে। নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।
রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। গত ৫ জানুয়ারি থেকে আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি পর্যন্ত চলে।
এর আগে, ১২ জানুয়ারি অনুষ্ঠিত তৃতীয় দিনের শুনানিতে ৪০ জন প্রার্থীর আপিল মঞ্জুর করা হয়েছিল। ধারাবাহিকভাবে রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর আপিল এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গত ৪ জানুয়ারি পর্যন্ত সারা দেশে রিটার্নিং কর্মকর্তারা মোট ৭২৩টি মনোনয়ন বাতিল করেন। আপিল শুনানি আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে।