Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / দুদকের মামলায় ৪ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী - Chief TV

দুদকের মামলায় ৪ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী - Chief TV

2026-06-21  ডেস্ক রিপোর্ট  26 views
দুদকের মামলায় ৪ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী - Chief TV

মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ রোববার (২১ জুন) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ আদালতে আসামির উপস্থিতিতে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালতে দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম রিমান্ডের পক্ষে শুনানি করেন, অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুদকের আবেদনে বলা হয়, আসামি মাসুদ উদ্দিন চৌধুরী ও অন্যরা পরস্পর যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার করে মালয়েশিয়ায় শ্রমিক রিক্রুটের জন্য এজেন্ট হিসেবে নিয়োগ পান। সরকার নির্ধারিত ফি ৭৮ হাজার ৯৯০ টাকা থাকলেও আসামিরা রিক্রুট করা শ্রমিকদের কাছ থেকে অবৈধভাবে অতিরিক্ত টাকা আদায় করেন। এভাবে তারা বিভিন্ন ধাপে মোট ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে এই অর্থ অবৈধ পন্থায় স্থানান্তর, রূপান্তর ও লেনদেনের মাধ্যমে পাচার করা হয়েছে বলে দণ্ডবিধি ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করা হয়।

এর আগে, গত ২২ মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাসা থেকে সাবেক এই সংসদ সদস্যকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর থেকেই তিনি বিভিন্ন মামলায় গ্রেপ্তার ও দফায় দফায় রিমান্ডপ্রাপ্ত হয়ে কারাগারেই আছেন।


Share: