জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের আচরণে নিরপেক্ষতার ঘাটতি স্পষ্ট হয়ে উঠছে, যা অতীতের মতো আরেকটি ‘পাতানো নির্বাচন’-এর আশঙ্কা তৈরি করছে।
বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীতে জামায়াতে আমিরের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, অতীতে যেমন অনিয়মপূর্ণ নির্বাচন দেশের জন্য ক্ষতিকর হয়েছে, তেমন পরিস্থিতির পুনরাবৃত্তি হলে রাষ্ট্র ও গণতন্ত্র আরও সংকটের মুখে পড়বে। এ কারণে সময় থাকতে সরকার ও নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের কাছে জামায়াত স্পষ্টভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশার কথা তুলে ধরেছে। তবে বর্তমান বাস্তবতায় প্রশাসনের একটি অংশ নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের প্রতি অতিরিক্ত পক্ষপাত দেখাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
নির্বাচনের পর সরকার গঠনের বিষয়ে ডা. তাহের বলেন, জামায়াত ক্ষমতায় এলে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের ভিত্তিতে সরকার পরিচালনা করা হবে।
এদিকে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ১০টি আসন ছেড়ে দেওয়া নিয়ে প্রচারিত খবরকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত’ বলে দাবি করেন জামায়াতের নায়েবে আমির। তিনি জানান, জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মধ্যে আসন সমঝোতার প্রক্রিয়া দ্রুতই চূড়ান্ত হতে যাচ্ছে।