ইরান, লেবানন এবং অধিকৃত পশ্চিম তীরের চলমান মানবিক সংকট মোকাবিলায় ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার জরুরি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। যুদ্ধ ও অস্থিরতায় ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন মেটাতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে টোকিও।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মাধ্যমে এই অর্থ বিতরণ করা হবে। সহায়তা কার্যক্রমে অংশ নেবে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজসহ বিভিন্ন মানবিক সংস্থা।
ঘোষিত তহবিল স্বাস্থ্যসেবা, খাদ্য সরবরাহ, আশ্রয়, নিরাপদ পানি এবং স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার মতো জরুরি মানবিক কার্যক্রমে ব্যয় করা হবে।
এ ছাড়া লেবাননে বেসরকারি সংস্থাগুলোর ত্রাণ কার্যক্রম আরও জোরদার করতে জাপান প্ল্যাটফর্মের মাধ্যমে অতিরিক্ত ৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে জাপান সরকার।
টোকিও বলছে, সংঘাত ও অস্থিতিশীলতায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মানবিক চাহিদা পূরণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ চালিয়ে যাবে তারা।