Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চট্টগ্রাম / আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: নৈরাজ্য ঠেকাতে মাঠে ছাত্র-জনতা - Chief TV

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: নৈরাজ্য ঠেকাতে মাঠে ছাত্র-জনতা - Chief TV

2026-06-23  ডেস্ক রিপোর্ট  38 views
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: নৈরাজ্য ঠেকাতে মাঠে ছাত্র-জনতা - Chief TV
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে চট্টগ্রামে সম্ভাব্য নৈরাজ্য, নাশকতা এবং অপপ্রচার রুখতে রাজপথে নেমেছে সাধারণ ছাত্র-জনতা। একই সাথে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাঠের রাজনীতিতে সক্রিয় অবস্থানে রয়েছে মহানগর বিএনপি, জামায়াতে ইসলামী এবং তাদের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
 
মঙ্গলবার সকাল থেকেই চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন দলের নেতাকর্মীরা। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোড়ে মোড়ে কড়া সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।
 
তবে দুপুর পর্যন্ত নগরের কোথাও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বা আওয়ামী লীগের কোনো ধরনের ঝটিকা মিছিল বা জমায়েতের খবর পাওয়া যায়নি। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে।

এর আগে সোমবার বিকেলেই রাজপথে সতর্ক পাহারায় থাকার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল চট্টগ্রাম মহানগর বিএনপি। সেই ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল থেকেই দলটির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে নামেন।
 
সরেজমিনে নগরের টাইগারপাস, দুই নম্বর গেট, জিইসি মোড়, পলিটেকনিক, বায়েজিদ, বহদ্দারহাট ও আগ্রাবাদসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং অলি-গলিতে সাধারণ ছাত্র-জনতা সতর্ক পাহারা দিচ্ছেন। তাদের সাথে মাঠে সক্রিয় ভূমিকা রাখছেন জামায়াতে ইসলামী, ছাত্রশিবির, এনসিপি, যুবশক্তি, নারীশক্তি ও ছাত্রশক্তির নেতাকর্মীরাও।

মাঠে অবস্থানকালে মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ সংবাদমাধ্যমকে জানান, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন এবং অতীতে তারা মিছিলের নামে জনগণের মনে আতঙ্ক তৈরি করে নাশকতার পরিকল্পনা করেছে।
 
সাধারণ মানুষকে সেই আতঙ্ক ও সহিংসতা থেকে বাঁচাতে এবং নগরের নিরাপত্তা নিশ্চিত করতেই তারা মাঠে সক্রিয় রয়েছেন।
 
অন্যদিকে মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান স্পষ্ট করেন যে, তাদের দলীয় কোনো কর্মসূচি না থাকলেও ৪১টি ওয়ার্ডের নেতাকর্মীরা পুরোপুরি সতর্ক অবস্থানে রয়েছেন, যাতে কোনো দুষ্কৃতিকারী মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। এ কাজে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে সব ধরনের সহায়তা করবেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ কর্মকর্তা তথা সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানান, নগরের প্রতিটি মোড়ে মোড়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং ফোর্সগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
 
কেউ যেন কোনো ধরণের নাশকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য কঠোর নজরদারি চলছে। তবে এখন পর্যন্ত চট্টগ্রামে কোনো ধরনের ঝটিকা মিছিল কিংবা নাশকতামূলক কর্মকাণ্ডের খবর পাওয়া যায়নি বলে তিনি নিশ্চিত করেন।

Share: