Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / বাগেরহাট / বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতে হামলার প্রধান হোতা ফয়সাল গ্রেপ্তার - chief tv

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতে হামলার প্রধান হোতা ফয়সাল গ্রেপ্তার - chief tv

2026-06-28  ডেস্ক রিপোর্ট  20 views
বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতে হামলার প্রধান হোতা ফয়সাল গ্রেপ্তার - chief tv
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় মাদক উদ্ধার অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া প্রধান আসামি ফয়সাল শেখ (৩০)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।
 
আজ রোববার (২৮ জুন) সকাল ১১টার দিকে র‍্যাব-১০-এর ফরিদপুর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 
 
সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, গতকাল শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং র‍্যাব-৬-এর সহযোগিতায় বাগেরহাট জেলার ফকিরহাট থানার নোয়াপাড়া এলাকা থেকে ফয়সালকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তার ফয়সাল শেখ গোয়ালন্দের উত্তর দৌলতদিয়া এলাকার অপু শেখের ছেলে এবং তাঁর বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে ঘটনার বিবরণ দিয়ে জানানো হয়, গত ২০ জুন দুপুরে দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খানের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছিল।
 
অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ফয়সাল শেখকে হেরোইনসহ হাতেনাতে আটক করেন। কিন্তু তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিকালে ফয়সালের সহযোগীরা লাঠিসোঁটা নিয়ে কর্তব্যরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে অতর্কিত হামলা চালায়।
 
একপর্যায়ে তারা হ্যান্ডকাফ পরিহিত অবস্থাতেই ফয়সালকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সরকারি কাজে বাধা, হামলা ও আসামি ছিনতাইয়ের এই ধৃষ্টতাপূর্ণ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

পরবর্তীতে এই ঘটনায় রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পাশাপাশি দণ্ডবিধির সরকারি কাজে বাধা প্রদান, সরকারি কর্মচারীর ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ধারা যুক্ত করা হয়।
 
মামলা দায়েরের পর থেকেই র‍্যাব আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং অবশেষে মূল হোতা ফয়সালকে দূরবর্তী জেলা বাগেরহাট থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি পদক্ষেপ ও জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়েছে এবং এই হামলার সঙ্গে জড়িত বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Share: