Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / রাজশাহী / রাজশাহী কলেজে ভাইভা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের পৌর সভাপতি গ্রেপ্তার - chief tv

রাজশাহী কলেজে ভাইভা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের পৌর সভাপতি গ্রেপ্তার - chief tv

2026-06-28  ডেস্ক রিপোর্ট  30 views
রাজশাহী কলেজে ভাইভা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের পৌর সভাপতি গ্রেপ্তার - chief tv
রাজশাহী কলেজে মাস্টার্স শেষ বর্ষের ভাইভা পরীক্ষা দিতে এসে সাধারণ শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা। পরবর্তীতে শিক্ষার্থীরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে এই ঘটনা ঘটে।
 
গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার নাম সজিব আলী (২৪)। তিনি কাটাখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এবং রাজশাহী মহানগরের শাহ মখদুম থানার শতিহার এলাকার চর শ্যামপুর গ্রামের মুজাম্মেল হকের ছেলে।

কলেজ ও পুলিশ সূত্রে জানা গেছে, সজিব আলী রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের একজন নিয়মিত শিক্ষার্থী। আজ সকালে তিনি বিভাগে চূড়ান্ত পর্বের ভাইভা (মৌখিক) পরীক্ষা অংশ নিতে কলেজে আসেন।
 
এ সময় সাধারণ শিক্ষার্থীরা তাকে চিনতে পারেন এবং পরীক্ষার হল থেকে বের হওয়ার পরপরই বিভাগের সামনে তাকে অবরুদ্ধ করে আটকে রাখেন। পরে কলেজ প্রশাসনের মাধ্যমে বোয়ালিয়া মডেল থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে নিজেদের হেফাজতে নেয়।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মুস্তারি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সজিব আলীকে সাধারণ শিক্ষার্থীরা আটকে রেখে পুলিশে সোপর্দ করেছে। বর্তমানে তাকে থানায় এনে হেফাজতে রাখা হয়েছে।
 
তার বিরুদ্ধে পূর্বের কোনো মামলা বা আইনি অভিযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Share: