বাংলাদেশ ব্যাংক-এর নতুন গভর্নর হিসেবে মোঃ মোস্তাকুর রহমান-কে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে দায়িত্বে থাকা আহসান এইচ মনসুর-কে সরিয়ে এ নিয়োগ দেওয়া হয়। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
মোস্তাকুর রহমান একজন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ)। তার পোস্ট-কোয়ালিফিকেশন অভিজ্ঞতা ৩৩ বছরেরও বেশি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর হিসাববিজ্ঞান বিভাগ থেকে বি.কম (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
তিনি বিভিন্ন মর্যাদাপূর্ণ পেশাজীবী ও শিল্পসংক্রান্ত সংগঠনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আরইএইচএবি), অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (এটিএবি) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। এছাড়া তিনি বাংলাদেশ ব্যাংক ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড-সহ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন।
মোস্তাকুর রহমান একজন উদ্যোক্তা ও ব্যবসায়ী এবং একই সঙ্গে জ্যেষ্ঠ আর্থিক শাসন (ফাইন্যান্সিয়াল গভর্ন্যান্স) বিশেষজ্ঞ। করপোরেট ফাইন্যান্স, রপ্তানি অর্থনীতি, প্রাতিষ্ঠানিক সুশাসন এবং আর্থিক ব্যবস্থাপনায় তার ৩০ বছরেরও বেশি নেতৃত্বমূলক অভিজ্ঞতা রয়েছে।
উৎপাদন, রিয়েল এস্টেট, কৃষিভিত্তিক উদ্যোগসহ বিভিন্ন শিল্পখাতে তিনি আর্থিক পরিকল্পনা, বিনিয়োগ তদারকি ও সুশাসন কাঠামো পরিচালনা করেছেন। শিল্প ও বাণিজ্য সংগঠনে তার ভূমিকা আর্থিক স্থিতিশীলতা, শিল্প অর্থায়ন এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
তিনি আর্থিক সুশাসন, ব্যাংকিং ও শিল্প অর্থায়ন, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, করপোরেট সম্মতি, ঝুঁকি তদারকি, পুঁজি ও তারল্য ব্যবস্থাপনা, বোর্ড গভর্ন্যান্স, কৌশলগত অর্থনৈতিক পরিকল্পনা এবং আর্থিক জবাবদিহিতায় দক্ষতার জন্য সুপরিচিত।