আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে অনিচ্ছুক বাংলাদেশের অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্পষ্ট জানিয়ে দিয়েছে, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে তারা আগের সিদ্ধান্তেই অটল রয়েছে এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের দাবিতে অনড় থাকবে।
মঙ্গলবার দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে অনুষ্ঠিত একটি ভিডিও কনফারেন্সের পর প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন এবং প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তাজনিত উদ্বেগের বিষয়টি তুলে ধরে ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত আবারও নিশ্চিত করেছে বিসিবি। একই সঙ্গে আইসিসির কাছে পুনরায় আহ্বান জানানো হয়েছে—বাংলাদেশের ম্যাচগুলো যেন ভারতের বাইরে আয়োজনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।
আইসিসির পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টের সূচি ও ভেন্যু ইতোমধ্যে চূড়ান্ত হওয়ায় বিসিবিকে তাদের অবস্থান নতুন করে ভাবতে অনুরোধ করা হচ্ছে। তবে বিসিবি তাদের পূর্বঘোষিত সিদ্ধান্তে অনড় থাকার কথা জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উদ্ভূত পরিস্থিতির সমাধানে দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে। বিসিবি জানিয়েছে, ক্রিকেটার, কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্টাফদের নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করাই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। এ বিষয়ে আইসিসির সঙ্গে গঠনমূলক যোগাযোগ চালিয়ে যাওয়া হবে।
উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই এই ইস্যুতে টানাপোড়েন শুরু হয়। এর পরপরই নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে আয়োজনের দাবিতে বিসিবি দুই দফা আইসিসিকে চিঠি পাঠায়। দ্বিতীয় চিঠিতে সম্ভাব্য ঝুঁকির বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
সূচি ও ভেন্যু ঘোষণার পর বিশ্বকাপ শুরুর এত কাছাকাছি সময়ে আইসিসির এমন অবস্থান প্রত্যাশিত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। সবকিছু মিলিয়ে, টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো পুরোপুরি কাটেনি।