Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / বগুড়া–৭ আসনে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান - Chief TV

বগুড়া–৭ আসনে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান - Chief TV

2026-01-31  নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:  30 views
বগুড়া–৭ আসনে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান - Chief TV

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বহু বছর পর আপনাদের এলাকায় আসছি। এর আগে যখন এসেছিলাম, তখন আপনাদের সঙ্গে ঘুরে ঘুরে এলাকার উন্নয়নমূলক কাজ দেখতাম। আগামী দিনে এই এলাকার সার্বিক উন্নয়ন ধানের শীষের প্রার্থী মোরশেদ মিল্টনের মাধ্যমে করব, ইনশাআল্লাহ। আপনারা মোরশেদ মিল্টনকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমার সঙ্গে থাকবেন। আমি তো আপনাদের ঘরেরই সন্তান—আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, ইনশাআল্লাহ।

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত ধানের শীষের নির্বাচনী পথসভায় বাসের ভেতর থেকেই বক্তব্য দেন তিনি।

বক্তব্য শেষে তিনি সিরাজগঞ্জে বিএনপির নির্বাচনী সমাবেশে যোগ দিতে বগুড়া থেকে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা দেন। শাজাহানপুরে হঠাৎ এই পথসভায় তারেক রহমানের উপস্থিতিতে দলীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সমর্থক ও সাধারণ মানুষ ঢাকা–বগুড়া মহাসড়কে ভিড় জমান। এ সময় রাস্তার দুই পাশে জড়ো হওয়া বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ হাত নেড়ে ও স্লোগানের মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান।

বক্তব্যে তারেক রহমান শাজাহানপুরসহ বগুড়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাবতলী–শাজাহানপুর এলাকার উন্নয়নের স্বার্থে বগুড়া–৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোরশেদ মিল্টনকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানান।

পথসভায় উপস্থিত ছিলেন বগুড়া–৭ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোরশেদ মিল্টন, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহসভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু সাহিন সানিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


Share: