Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আঞ্চলিক / বগুড়ায় যুবলীগ ও ছাত্রদল নেতার নেতৃত্বে ছাত্রলীগের হামলা- Chief TV

বগুড়ায় যুবলীগ ও ছাত্রদল নেতার নেতৃত্বে ছাত্রলীগের হামলা- Chief TV

2025-11-02  ডেস্ক রিপোর্ট  176 views
বগুড়ায় যুবলীগ ও ছাত্রদল নেতার নেতৃত্বে ছাত্রলীগের হামলা- Chief TV

বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নে যুবলীগ ও ছাত্রদল নেতার নেতৃত্বে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হয়েছেন ছাত্রদল কর্মী শাকিব। গত শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বর্তমানে আহত শাকিব শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্গাহাটা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল এবং একই ইউনিয়নের ছাত্রদলের আহ্বায়ক আশিকের নেতৃত্বে ছাত্রলীগের একদল কর্মী ধারালো অস্ত্র, রড ও লাঠি নিয়ে শাকিবের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন শাকিব। পরে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

আহত শাকিব জানান, “দুর্গাহাটা মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ ভাই। তাঁকে রিসিভ করতে আমরা দাঁড়িয়ে ছিলাম, এমন সময় হঠাৎ করেই আমার ওপর হামলা হয়। ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে আমি মাটিতে পড়ে যাই।”

তিনি আরও জানান, হামলাকারীদের মধ্যে অন্তত ৪-৫ জনকে তিনি চিনতে পেরেছেন। তাঁদের নেতৃত্ব দিয়েছেন যুবলীগ নেতা জুয়েল ও ছাত্রদলের আহ্বায়ক আশিক।

এই ঘটনার পর দুর্গাহাটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, আওয়ামী লীগ আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধ উপায়ে সম্পদ অর্জন করা যুবলীগ নেতা জুয়েল এখন বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে উঠেছেন। তাঁর প্রভাব ও অর্থবলে এলাকায় এখনো নানা হয়রানি ও নির্যাতনের অভিযোগ রয়েছে।

অন্যদিকে, দুর্গাহাটার একাধিক ছাত্রদল কর্মী অভিযোগ করেন, আওয়ামী লীগ আমলে বিএনপি নেতাকর্মীদের ওপর অত্যাচার চালানো এই যুবলীগ নেতা এখন কিছু বিএনপি নেতার ছত্রছায়ায় অবস্থান করছেন। তাঁরা আশঙ্কা প্রকাশ করে বলেন, “এভাবে চলতে থাকলে গাবতলীতেই বিএনপি সংগঠনের ভিত্তি দুর্বল হয়ে পড়বে।” এ অবস্থায় কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

ঘটনার বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ বলেন, “আমার কর্মীকে পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করা হয়েছে। রাজনৈতিক ও প্রশাসনিক উভয় দিক থেকেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”

গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম জানান, আহত শাকিবের পিতা রবিউল করিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে মামলার এজাহারভুক্ত আট নম্বর আসামি আতিককে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


Share: