বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জয়লাভ করলে দলের অন্যতম প্রধান কাজ হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। একই সঙ্গে এ অঞ্চলে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো দ্রুত বাস্তবায়ন করা হবে। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হবে এবং কিশোরগঞ্জ উপজেলাকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলা হবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারীর বড় মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এবারের নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের নয়—এটি জাতি পুনর্গঠনের নির্বাচন। জনগণের হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে আনার নির্বাচন। আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। এজন্য ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড়কে শিল্পাঞ্চলে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
তারেক রহমান বলেন, নীলফামারী জেলা কৃষিপ্রধান অঞ্চল হিসেবে পরিচিত। এ জেলাকে আমরা কৃষি হাব হিসেবে গড়ে তুলব।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটের মাধ্যমে মানুষের কেড়ে নেওয়া অধিকার ফিরিয়ে দেওয়া হবে। বিগত ১৬ বছর স্বৈরাচার সরকার শুধু নিজেদের স্বার্থ দেখেছে। আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে চাই। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে চাই।
নারীদের উদ্দেশে তিনি বলেন, নারীদের কর্মসংস্থানে সম্পৃক্ত না করলে দেশ এগোবে না। খালেদা জিয়া নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আমরা নারীদের স্বাবলম্বী করতে চাই। প্রত্যেক নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি প্রত্যেক কৃষকের কাছে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে, যাতে সহজে ঋণ পাওয়া যায়। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার পরিকল্পনা রয়েছে। এনজিও থেকে নেওয়া ক্ষুদ্রঋণ সরকার জনগণের পক্ষ থেকে পরিশোধ করবে।
তারেক রহমান আরও বলেন, এ এলাকা কৃষিনির্ভর। কৃষকদের পাশে দাঁড়ানোর পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়। বহু যুবক বেকার—তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিকে রূপান্তর করা হবে। আমরা আন্দোলন-সংগ্রাম করেছি, এবার মানুষকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠন করতে চাই। এজন্য জনগণের সহযোগিতা প্রয়োজন।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের বিএনপির প্রার্থী শাহরিন ইসলাম তুহিনসহ জেলার চারটি আসনের প্রার্থীরা।