Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / খেলাধুলা / বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট পাকিস্তানের - Chief TV

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট পাকিস্তানের - Chief TV

2026-02-02  ডেস্ক রিপোর্ট  93 views
বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট পাকিস্তানের - Chief TV

সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। তবে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে না নামার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

রোববার পাকিস্তান সরকারের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হয়, আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল অংশ নেবে না।

পাকিস্তান সরকারের এই ঘোষণার খবর প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন ও জিও নিউজসহ একাধিক গণমাধ্যম।

বিশ্বকাপকে ঘিরে এই নাটকীয়তার সূত্রপাত হয় আইপিএলে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার ঘটনায়। তাকে কেন্দ্র করে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর প্রতিবাদের মুখে বিসিসিআইয়ের নির্দেশনায় কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে স্কোয়াড থেকে সরিয়ে দেয়।

এই ঘটনার পর নিজেদের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানালেও আইসিসি তা প্রত্যাখ্যান করে। বরং বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়।

বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরপর তারা সরকারের সঙ্গে বিশ্বকাপ বর্জনের বিষয়টি নিয়ে আলোচনা শুরু করে। দীর্ঘ আলোচনা শেষে পাকিস্তান বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি বয়কট করার পথে হাঁটল।


Share: