চলতি বছর ভারতীয় বক্স অফিসে আয় করা শীর্ষ ১০ সিনেমার তালিকা চূড়ান্ত হয়ে গেছে! দেখে নেওয়া যাক, কোন সিনেমাগুলো ভারতের বক্স অফিসে ঝড় তুলেছে। লিখেছেন ফয়সাল আহমেদ
সিতারে জমিন পর
গত ২০ জুন মুক্তি পায় আমির খান অভিনীত ও প্রযোজিত ‘সিতারে জমিন পর’। ১২২ কোটি রুপি বাজেটের সিনেমাটি আয় করেছে ২৬৭ কোটি রুপি, যা আয়ের বিচারে এটি আছে ১০ নম্বরে।
ছবির কেন্দ্রে আমির খানের চরিত্র গুলশান অরোরা। একজন বাস্কেটবল কোচ। তিনি জেদি, রাগী, কিন্তু ভেতরে লুকিয়ে আছে তার গভীর মানসিক ক্ষত, অতীতের দগদগে স্মৃতি আর সমাজের চাপিয়ে দেওয়া ‘স্ট্রং পুরুষ’ হয়ে ওঠার অমানবিক চাপ। এই কোচ গড়ে তোলেন একদল বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড় নিয়ে তৈরি দল। সিনেমায় আমির ছাড়া ছিলেন জেনেলিয়া দেশমুখ।
সাইয়ারা
অনেক দিন পর চলতি বছর একটি রোমান্টিক সিনেমা বক্স অফিসে দাপট দেখিয়েছে, তা-ও আবার নবাগত দুই অভিনয়শিল্পীকে নিয়ে। সিনেমা তো বটেই, মুক্তির আগে থেকেই ‘সাইয়ারা’র গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। শেষ পর্যন্ত মাত্র ৪৫ কোটি রুপির সিনেমাটি বক্স অফিস থেকে ৫৭৯ দশমিক ২৩ কোটি রুপি আয় করে। বাণী বাত্রার (অনীত পড্ডা) বিয়ে ভেঙে যায়। ছয় মাস পর বাণী উঠে দাঁড়ায়। কাজ নেয় এক পত্রিকা অফিসে। কিন্তু প্রথম দিনই মুখোমুখি হয় এক রাগী ও বদমেজাজি উঠতি গায়কের। ধ্বংসাত্মক তার আচরণ। রেগে গেলে কিছুরই পরোয়া করেন না। সেদিনই বাণী জানতে পারে, তার নাম কৃষ কাপুর (আহান পান্ডে)।
এল২ : এমপুরান
পৃথ্বীরাজ সুকুমারন পরিচালিত রাজনৈতিক অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটি ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘লুসিফার’ ইউনিভার্সের দ্বিতীয় কিস্তি। গত ২৭ মার্চ মুক্তি পাওয়া সিনেমা বক্স অফিস থেকে প্রায় ২৬৮ কোটি রুপি আয় করেছে। ছবির বাজেট ছিল ১৫০ থেকে ১৭৫ কোটি রুপির মধ্যে। সিনেমাটি পরিচালনার সঙ্গে পৃথ্বীরাজ নিজেও অভিনয় করেছেন। আরও আছেন মোহনলাল, টোভিনো থমাস, মানজু ওয়ারিয়ার ও অভিমান্যু সিং।
দে কল হিম ওজি
তিন বছরের দীর্ঘ অপেক্ষার পর পর্দায় দেখা গেল দক্ষিণী তারকা পবন কল্যাণকে। তেলেগু ইন্ডাস্ট্রিতে পবন কল্যাণ মানেই হলো উপচে পড়া দর্শক। শুধু তার নামেই সিনেমা চলেছে, এমন উদাহরণও আছে অনেক। গত ২৯ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ‘দে কল হিম ওজি’ সিনেমার ক্ষেত্রেও দেখা গেছে এমনটাই। সিনেমার মুক্তি বারবার পেছালেও ট্রেলার মুক্তির আগেই বিক্রি হয়েছে ২২ কোটি রুপির টিকিট! ২৫ সেপ্টেম্বর মুক্তি পায় ২২৫ কোটি রুপির সিনেমাটি এবং আয় করে প্রায় ৩০০ কোটি রুপি।
‘লোকাহ চ্যাপ্টার ১ : চন্দ্রা’
‘লোকাহ চ্যাপ্টার ওয়ান : চন্দ্রা’ চলতি বছরের অন্যতম আলোচিত মালয়ালম সিনেমা। মাত্র ৩০ কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছে ৩০৩ দশমিক ৩ কোটি রুপি। ডমিনিক অরুণ পরিচালিত সিনেমায় চন্দ্রা চরিত্রে অভিনয় করেছেন কল্যাণী প্রিয়দর্শনী। আরও আছেন স্যান্ডি ও নাসলেন। পরিচালক ডমিনিক অরুণ সুপারহিরো ঘরানার প্রচলিত ছক ভেঙে এক ‘সিনেম্যাটিক ইউনিভার্স’ গড়ে তুলতে চেয়েছেন। কেরালার লোককথা ও দেব-দেবীর মিথকে এভাবে আধুনিক সুপারহিরো কাঠামোর মধ্যে যে মিশিয়ে দেওয়া যায়, সেটা কে ভাবতে পেরেছিল।
কুলি
রজনীকান্তের সিনেমা মুক্তি পাবে আর বক্স অফিসে ঝড় তুলবে না, তা কী হয়। লোকেশ কঙ্গরাজের সঙ্গে এবার হাজির হয়েছিলেন এই তামিল অভিনেতা। কিন্তু সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি, বেশির ভাগ সমালোচকও সিনেমাটিকে ‘গড়পড়তা’ বলেছেন। তার পরও বক্স অফিস থেকে ৫১৪ কোটি রুপি আয় করেছে ৩৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি।
ওয়ার ২
‘ওয়ার’-এর প্রথম কিস্তি যেমন হৃতিক রোশন, টাইগার শ্রফের টক্কর আর বাণী কাপুরের আবেদনময়ী উপস্থিতির কারণে অনেক ভক্ত মনে রেখেছেন। বিরতির পর তাই সিনেমাটির সিকুয়েল নিয়ে আগ্রহ ছিল ব্যাপক। কিন্তু বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি ছবিটি, মন ভরাতে পারেনি সমালোচকদেরও। গত ১৪ আগস্ট মুক্তি পায় অয়ন মুখার্জি পরিচালিত সিনেমাটি। প্রায় ৩০০ কোটি রুপি বাজেটের সিনেমাটি ৩৫১ কোটি রুপি আয় করে চলতি বছর সবচেয়ে বেশি আয় করা ভারতীয় সিনেমার তালিকার পাঁচে রয়েছে।
মহাবতার নরসিমা
চলতি বছরের হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে আরেকটি বড় চমকের নাম ‘মহাবতার নরসিমা’। অশ্বিন কুমার পরিচালিত এই মহাকাব্যিক অ্যানিমেশন সিনেমাটির বাজেট ছিল মাত্র ৪০ কোটি রুপি। কিন্তু গত ২৫ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির পর আয় করেছে ৩২৫ কোটি রুপি! হিন্দু পুরাণের চতুর্থ অবতার ‘নরসিমা’র গল্পে তৈরি এই ছবি প্রথমে ধীরগতিতে এগোলেও এখন পরে বক্স অফিসে ঝড় তোলে। মুক্তির দ্বিতীয় সপ্তাহ থেকে প্রতিদিনই গড়ে প্রায় ৮ থেকে ১০ কোটি রুপি আয় করছে। ছোটদের পাশাপাশি বড়রাও এই ছবিকে দেখছেন মন দিয়ে। দুর্দান্ত কারিগরি দিক, আবহসংগীত ও আবেগঘন সংলাপ ছবিটির প্রধান আকর্ষণ।
ছাবা
লক্ষণ উতেকরের সিনেমাটি মুক্তি পায় চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি। ঐতিহাসিক পটভূমিতে নির্মিত সিনেমা, প্রধান দুই চরিত্রে ভিকি কৌশল ও রাশমিকা মান্দানার মতো তারকা; সিনেমাটি নিয়ে তাই বড় প্রত্যাশা ছিল। মুক্তির পর সে প্রত্যাশা কড়ায়-গণ্ডায় মিটিয়েছে সিনেমাটি। বক্স অফিস থেকে আয় করেছে প্রায় ৮০০ কোটি রুপি! হিন্দি সিনেমার হিসাব ধরলে এটি ২০২৫ সালের সবচেয়ে আয় করা হিন্দি সিনেমা।
কানতারা : চ্যাপ্টার ১
২০২২ সালে ‘কানতারা’ বানিয়ে চমকে দিয়েছিলেন ঋষভ শেঠি। তিন বছর পর তিনি হাজির সেই সিনেমার প্রিকুয়েল নিয়ে। প্রথম কিস্তির মতো প্রিকুয়েলও মুক্তির পর ঝড় তুলেছে বক্স অফিসে। ঋষভ প্রধান চরিত্রে অভিনয়ের সঙ্গে পরিচালনাও করেছেন। ছবিতে আরও অভিনয় করেছেন রুক্সিনী বসন্ত, গুলশান দেবাইয়া। ১২৫ কোটি রুপির বাজেটের সিনেমাটি আয় করেছে প্রায় ৯০০ কোটি রুপি! প্রথম কিস্তির মতো এবারও ঋষভের অভিনয়, গল্প বলা আর দুর্দান্ত ভিজ্যুয়ালের প্রশংসা করেছেন সমালোচকরা।