তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, “গুম-খুন আর ফিরে আসবে না, আগামী সপ্তাহে খুনি শেখ হাসিনার রায়।” তিনি আশা প্রকাশ করে বলেন, জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্বপ্নের বাংলাদেশ আগামী দিনে যারা সরকার গঠন করবেন, তারা সেই স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১২টায় রামগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে সরকারি কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম।
তিনি আরও বলেন, “আমরা অনেকগুলো কাজ করতে পেরেছি, চেষ্টা করেছি; তবে এক বছরের সময়ের মধ্যে সব কাজ করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে যারা ক্ষমতায় আসবেন, তারা এ কাজগুলো সম্পূর্ণ করবেন। আমরা বিচারের কাজ শুরু করতে পেরেছি। আগামী সপ্তাহে শেখ হাসিনার রায় হবে, গুম-খুনের বিচার হবে। ছাত্র জনতার হত্যারও বিচার হবে এবং পরবর্তী সময়ে যারা ক্ষমতায় আসবেন, তারা এ বিচারিক কার্যক্রম এগিয়ে নেবেন।”
সভায় সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা এস. এম. রবিন শীষ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এবং জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।