জয়পুরহাটের আক্কেলপুরে এক স্কুল শিক্ষকের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাড়ির সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের কানুপুর মীরপাড়া এলাকায় ঘটে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
ক্ষতিগ্রস্ত শিক্ষক স্বপন হোসেন পার্শ্ববর্তী ক্ষেতলাল উপজেলার ইটাখোলা টেকনিক্যাল স্কুলে কর্মরত। তিনি কানুপুর মীরপাড়া এলাকার বাসিন্দা এবং জামাল উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় বাড়ির মালিকের অনুপস্থিতিতে ঘরের ভেতর থেকে ধোঁয়া ও আগুন দেখতে পান প্রতিবেশীরা। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। পরে খবর পেয়ে আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাড়ির তিনটি ঘরের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে যায়।
বাড়ির মালিক শিক্ষক স্বপন হোসেন বলেন, “সন্ধ্যার কিছু আগে আমরা শ্বশুরবাড়িতে ছিলাম। হঠাৎ ফোনে জানতে পারি আমাদের বাড়িতে আগুন লেগেছে। দ্রুত এসে দেখি পুরো বাড়ি আগুনে পুড়ে গেছে। এখন পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।”
আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল কাদের জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আমরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে দেরিতে খবর পাওয়ায় ক্ষয়ক্ষতি কিছুটা বেশি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
তিনি আরও জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কোনো গৃহপালিত পশুরও ক্ষয়ক্ষতি হয়নি।