বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সাধারণ ও নিরপরাধ সমর্থকদের পাশে বিএনপি দাঁড়াবে। তিনি বলেন, যারা অন্যায় করেননি—তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও–১ আসনের মোলানি বাজার এলাকায় এক পথসভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতৃত্ব দেশ ছেড়ে চলে গেলেও সাধারণ সমর্থকেরা নানা সমস্যার মুখে পড়েছেন। বিএনপি সেই মানুষগুলোর পাশে রয়েছে বলেও তিনি জানান।
সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, হিন্দু ভাই-বোনদের চিন্তার কোনো কারণ নেই। যারা অপরাধ করেছে শুধু তাদেরই বিচার হবে, আর সাধারণ মানুষকে বিএনপি আগলে রাখবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর মানুষ সঠিকভাবে ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তার ভাষায়, এবার প্রত্যেকে নিজের ভোট নিজে দিতে পারবে।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ কষ্টে আছে, তবে আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বর্তমানে মানুষ অন্তত রাতে শান্তিতে ঘুমাতে পারছে বলেও মন্তব্য করেন তিনি।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠুভাবে হলে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে—এমন আশাবাদ ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, তাতে দেশ এগিয়ে যাবে।
শেষবারের মতো নির্বাচনে অংশ নেওয়ার কথা উল্লেখ করে তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। বলেন, জনগণের সমর্থন পেলে তিনি এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পাবেন।
পথসভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।