রাজধানীর বাড্ডার কমিশনার গলিতে গুলিতে মামুন শিকদার (৩৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (১২ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত মামুনের বাড়ি পটুয়াখালীর দুমকি থানার আলগি গ্রামে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি বলেন, “কে বা কারা মামুন শিকদার নামের ওই ব্যক্তিকে গুলি করেছে, তা এখনও জানা যায়নি। গুলিবিদ্ধ হওয়ার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
ওসি আরও জানান, নিহত মামুন একজন শ্রমজীবী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। “ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ বিভিন্ন টিমে কাজ করছে। মামুন যে বাসায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, তিনি সে বাসায় থাকতেন না,” বলেন তিনি।
পুলিশ কর্মকর্তা জানান, মধ্য বাড্ডার কমিশনার গলির একটি মেসের নিচতলায় এ ঘটনা ঘটে।
মামুনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।