বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাউফল উপজেলা শাখার নবগঠিত কমিটিতে অছাত্র, বিবাহিত ব্যক্তি ও আওয়ামী অনুপ্রবেশকারীদের অন্তর্ভুক্তির অভিযোগ এনে এবং রাজপথে ত্যাগী ও নির্যাতিত ছাত্রদল কর্মীদের বঞ্চনা ও অবমূল্যায়নের প্রতিবাদে ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার সকাল ১০টায় বাউফল প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে ত্যাগী ও নির্যাতিত ছাত্রদলের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুনইমুল ইসলাম মিরাজ, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব সাদিকুজ্জাম রাকিবসহ ছাত্রদলের উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতা।
বক্তারা অভিযোগ করেন, অছাত্র, বিবাহিত ব্যক্তি ও আওয়ামী অনুপ্রবেশকারীদের নিয়ে বাউফল উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটি গঠন করা হয়েছে। এ কারণে তারা ওই কমিটি প্রত্যাখ্যান করেন এবং জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে বয়কটের ঘোষণা দেন।