Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / বগুড়া / বগুড়ায় ২৪ ঘণ্টায় ৩ খুন - Chief TV

বগুড়ায় ২৪ ঘণ্টায় ৩ খুন - Chief TV

2026-05-21  ডেস্ক রিপোর্ট  42 views
বগুড়ায় ২৪ ঘণ্টায় ৩ খুন - Chief TV

বগুড়ায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি স্থানে তিনটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জেলা জুড়ে যেন খুনের উৎসব চলছে। গাবতলী ও সারিয়াকান্দি উপজেলায় ঘটে যাওয়া এসব ঘটনায় এক অবুঝ শিশু, একজন গৃহবধূ এবং এক স্কুলছাত্র প্রাণ হারিয়েছেন। ঘটনাগুলোকে কেন্দ্র করে স্থানীয় এলাকাগুলোতে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

গাবতলীতে ৫ মাসের শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ মাদকাসক্ত বাবার বিরুদ্ধে

বগুড়ার গাবতলী উপজেলায় মাত্র পাঁচ মাস বয়সী এক শিশুকে গলা টিপে হত্যা করার অভিযোগ উঠেছে তার জন্মদাতা বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা সুবোধ বাজার এলাকায় এই লোমহর্ষক ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আব্দুল্লাহ। সে ওই এলাকার রায়হান আলীর ছেলে।

বৃহস্পতিবার দুপুরে রায়হান আলী মাদকাসক্ত অবস্থায় বাড়িতে আসে। কোনো কিছু বোঝার আগেই সে তার ৫ মাস বয়সী শিশু সন্তানকে গলা চেপে ধরে। এতে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অভিযুক্ত বাবাকে আটকে অভিযান চলছে।

গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা

এদিকে গাবতলী উপজেলাতেই গভীর রাতে ঘরে ঢুকে রীতা রানী মজুমদার (৪৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রীতা রানী স্থানীয় বাসিন্দা বিধান চন্দ্র রায়ের স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে ঢাকায় পড়াশোনা করেন। বাড়িতে স্বামী-স্ত্রী দুজনেই থাকতেন।

নিহতের স্বামী বিধান চন্দ্র রায় জানান, রাতের খাবার শেষে তারা আলাদা কক্ষে ঘুমাতে যান। আনুমানিক সোয়া ১২টার দিকে হঠাৎ দরজায় ধাক্কার শব্দে তার ঘুম ভাঙে। পাশেই স্ত্রীর ঘর থেকে গোঙানির শব্দ শুনে দ্রুত সেখানে গিয়ে দেখেন, রীতা রানী রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন এবং তার গলা কাটা। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। এ সময় বাড়ির মূল দরজা খোলা পাওয়া যায়।

বগুড়া জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) হুমায়ুন কবীর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

সারিয়াকান্দিতে ফুটবল খেলা নিয়ে বিরোধে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে খুন

বগুড়ার সারিয়াকান্দিতে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল্লাহ সাঈম মুস্তাকিম (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২১... মে) দুপুর ১২টার দিকে উপজেলার নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

নিহত মুস্তাকিম চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে এবং নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল।

কয়েকদিন আগে ফুটবল খেলা নিয়ে মুস্তাকিমের সঙ্গে নিজামউদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শাহাদত হোসেনের বাকবিতণ্ডা হয়। এর জেরে বৃহস্পতিবার বিদ্যালয়ের সামনে মুস্তাকিমকে একা পেয়ে শাহাদত ও তার বাবা শাহা আলী মিলে হামলা চালায়। একপর্যায়ে শাহাদত মুস্তাকিমকে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান কুমার সাহা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, "ঘটনাটি বিদ্যালয়ের বাইরে ঘটেছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।"

সারিয়াকান্দি থানার তদন্ত কর্মকর্তা নূর আলম জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জড়িতদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতিতে জেলা জুড়ে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, প্রতিটি ঘটনার পেছনে থাকা আসামিদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।


Share: