Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান - Chief TV

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান - Chief TV

2026-01-09  ডেস্ক রিপোর্ট  155 views
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান - Chief TV

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। শুক্রবার রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে গঠনতন্ত্র অনুযায়ী সর্বসম্মত সিদ্ধান্তে তাকে এ পদে আসীন করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর গঠনতান্ত্রিকভাবে তারেক রহমানই দলের চেয়ারম্যান হওয়ার কথা থাকলেও আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা ছিল। সেই ঘোষণাই আসে সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠকে।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান নিজেই। বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, বিএনপির গঠনতন্ত্রের বিধান অনুসারেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্থায়ীভাবে দলের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিএনপির গঠনতন্ত্রের ৭(গ) ধারায় বলা আছে—চেয়ারম্যানের পদ শূন্য হলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন এবং পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত এ দায়িত্বে বহাল থাকবেন। সেই বিধান অনুসারেই গত ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর তারেক রহমান চেয়ারম্যান হন।

দীর্ঘ রাজনৈতিক পথচলা

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের জন্ম ১৯৬৫ সালের ২০ নভেম্বর। ঢাকার বিএএফ শাহীন কলেজে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। বিএনপির তথ্য অনুযায়ী, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তারেক রহমান ও তার ভাই আরাফাত রহমান কোকো পাকিস্তানি বাহিনীর হাতে বন্দি ছিলেন।

স্বৈরশাসক হুসেইন মুহাম্মদ এরশাদবিরোধী আন্দোলনের সময় তিনি সক্রিয়ভাবে রাজপথে নামেন। ১৯৮৮ সালে বগুড়া জেলার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে তার আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু হয়।

১৯৯১ সালের সংসদ নির্বাচনে তিনি গুরুত্বপূর্ণ সাংগঠনিক ভূমিকা পালন করেন। বিশেষ করে বেগম খালেদা জিয়ার একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতার সময় নির্বাচনী ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন তিনি। ২০০১ সালের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের নিরঙ্কুশ বিজয়ের পেছনেও তার সংগঠনিক ভূমিকা উল্লেখযোগ্য বলে দলীয়ভাবে দাবি করা হয়।

২০০২ সালে তারেক রহমানের জন্য দলের সিনিয়র যুগ্ম মহাসচিব পদ সৃষ্টি করা হয়। এরপর থেকে তিনি দল পুনর্গঠন ও তৃণমূল পর্যায়ে নেতৃত্ব বিকাশে কাজ করেন। এ সময় দলের অভ্যন্তরে ও বাইরে নানা বিতর্ক ও বিরোধিতার মুখেও পড়তে হয় তাকে।

ওয়ান-ইলেভেন ও নির্বাসিত জীবন

২০০৭ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমান গ্রেপ্তার হন। দীর্ঘ কারাবাস ও শারীরিক নির্যাতনের পর ২০০৮ সালে উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান। সেখান থেকেই দীর্ঘ ১৭ বছরের বেশি সময় দলীয় ও গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেন বলে বিএনপির বক্তব্য।

২০০৯ সালে বিএনপির জাতীয় কাউন্সিলে তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালে বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হলে তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করা হয়। ভার্চুয়াল মাধ্যমে দল পরিচালনা করেও তিনি সংগঠনের সঙ্গে তৃণমূলের যোগাযোগ বজায় রাখতে সক্ষম হন বলে দলীয় নেতারা মনে করেন।

দীর্ঘ নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন।

সাম্প্রতিক সিদ্ধান্ত

সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সফরের নতুন সময়সূচি পরে জানানো হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। একই সঙ্গে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপির ভবিষ্যৎ করণীয় নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।


Share: