বিএনপিতে সম্প্রতি যোগ দিয়েছেন জুলাই আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তার এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নানা আলোচনা চলছে। এসব আলোচনার প্রেক্ষিতে বিএনপিতে যোগদানের কারণ ব্যাখ্যা করে নিজের ফেসবুক ভেরিফায়েড আইডিতে বৃহস্পতিবার (৬ নভেম্বর) একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি।
স্ট্যাটাসে মীর স্নিগ্ধ লিখেছেন, তরুণদের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে রাজনৈতিক পরিবর্তনের যে প্রচেষ্টা চলছে, সেই লক্ষ্য বাস্তবায়নে রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা তার দীর্ঘদিনের।
তিনি লেখেন, “আসসালামু আলাইকুম। আমি মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। জুলাইয়ের পর থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে জোয়ার উঠেছে, বিশেষ করে তরুণদের মধ্যে, সেই তরুণদের একজন প্রতিনিধি হিসেবে আমিও সামাজিকভাবে নানা কার্যক্রমের প্রতিনিধিত্ব করেছি। পাশাপাশি তরুণদের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে রাজনৈতিক পরিবর্তনের যে প্রচেষ্টা চলছে, সেই লক্ষ্য বাস্তবায়নে রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করেছি।”
মীর স্নিগ্ধ আরও লিখেছেন, “আপনারা জানেন, আমি বা আমার ভাইদের কেউই রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। মুগ্ধ একজন সাধারণ নাগরিক হিসেবেই দেশের জন্য জীবন দিয়েছে। তাই আমি মনে করি, মুগ্ধসহ সব শহিদ কোনো রাজনৈতিক দলের নয়, তারা দেশের সম্পদ।”
তিনি বলেন, “বর্তমান প্রেক্ষাপটে এবং নতুন বাস্তবতায় সম্পূর্ণ ব্যক্তিগত জায়গা থেকে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে রাজনীতিতে অংশগ্রহণ করছি এবং নিজ যোগ্যতায় এগিয়ে যেতে চাই। অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে জুলাইকে নানাভাবে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি, এখন সময় এসেছে রাজনৈতিকভাবে জুলাইয়ের প্রতিনিধিত্ব করার।”
স্ট্যাটাসে রাজনীতিতে যোগ দেওয়ার পেছনে কয়েকটি কারণও উল্লেখ করেন তিনি। লিখেছেন, “আমার রাজনৈতিক আকাঙ্ক্ষার পেছনে অন্যতম কয়েকটি কারণ হলো— সর্বোচ্চ জায়গা থেকে জুলাইকে প্রতিনিধিত্ব করা, জুলাই শহিদ, আহত যোদ্ধা ও শহিদ পরিবারদের কণ্ঠস্বর হওয়া, রাজনীতিতে তরুণদের প্রতিনিধিত্ব করা এবং বাংলাদেশপন্থি ও জুলাইপন্থি সব অংশীজনের মধ্যে ঐক্য গড়ে তোলা।”
বিএনপিতে যোগদানের বিষয়ে তিনি লিখেছেন, “রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগদানের পেছনে আমার কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস রয়েছে। তাছাড়া বিএনপির রাজনৈতিক দর্শন এবং রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা, ২০২৩—এর অনেক জায়গা নিয়ে সরাসরি কাজ করতে আমি আগ্রহী। দ্বিতীয়ত, আমি মনে করি সব পরিসরে জুলাইয়ের প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন, তাই আমি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছি। এতে জুলাইয়ের ঐক্য শক্তিশালী ও দীর্ঘায়িত হবে।”
তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাচ্ছেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে তরুণদের প্রতিনিধিত্ব করি। এটি আমার অন্যতম রাজনৈতিক আকাঙ্ক্ষা। এর মাধ্যমে জাতীয়তাবাদী দল ও তরুণদের মধ্যে সেতুবন্ধন তৈরিতে ভূমিকা রাখতে পারব বলে আমি মনে করি। তবে সর্বোপরি আমি সব রাজনৈতিক দল এবং বাংলাদেশ ও জুলাইপন্থি সবার সঙ্গে কাজ করতে চাই। রাজনৈতিক ঐক্যের মাধ্যমে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ আমার অন্যতম লক্ষ্য।”
স্ট্যাটাসের শেষে মীর স্নিগ্ধ লেখেন, “আমার এই পথচলায় সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করছি। মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানসহ জনমানুষের সব সংগ্রাম চির অম্লান হোক।”