Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / খেলাধুলা / বিশ্বকাপে মুখোমুখি ইকুয়েডর ও আইভরি কোস্ট: জমজমাট লড়াই - Chief TV

বিশ্বকাপে মুখোমুখি ইকুয়েডর ও আইভরি কোস্ট: জমজমাট লড়াই - Chief TV

2026-06-14  ডেস্ক রিপোর্ট  27 views
বিশ্বকাপে মুখোমুখি ইকুয়েডর ও আইভরি কোস্ট: জমজমাট লড়াই - Chief TV
২০২৬ ফিফা বিশ্বকাপের ‘ই’ গ্রুপে নিজেদের স্বপ্নযাত্রার শুরুতেই এক হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইকুয়েডর ও আইভরি কোস্ট। সোমবার বাংলাদেশ সময় ভোর ৫টায় ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ডে শুরু হবে এই দুই পরাশক্তির মাঠের লড়াই।
 
গ্রুপে পরাশক্তি জার্মানিকে শীর্ষস্থানের প্রধান দাবিদার মনে করা হলেও, নকআউট পর্বের টিকিট নিশ্চিতের দৌড়ে এগিয়ে থাকতে দুদেশের কাছেই এই ম্যাচের গুরুত্ব অপরিসীম। দীর্ঘ ১২ বছর পর বিশ্বমঞ্চে ফিরে আফ্রিকার তিনবারের চ্যাম্পিয়ন আইভরি কোস্ট এবার নতুন কোচ এমেরসে ফায়ের অধীনে ইতিহাস বদলাতে মরিয়া।
 
অন্যদিকে, সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকা লাতিন আমেরিকার দল ইকুয়েডর নামছে মাঠের আধিপত্য ধরে রাখার লক্ষ্য নিয়ে।

এবারের আসরে ৪৮ দলের নতুন ফরম্যাটে সেরা তৃতীয় স্থানধারী দল হিসেবেও পরের রাউন্ডে ওঠার সুযোগ থাকায় গ্রুপ পর্বের বাধা পেরোনোর ব্যাপারে দারুণ আশাবাদী আফ্রিকান পরাশক্তিরা।
 
টানা চার জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা আইভরি কোস্টের মূল শক্তি তাদের গতিময় উইং আক্রমণ। আমাদ দিয়ালো, ইয়ান দিয়োমান্দে, নিকোলাস পেপে ও সিমন আদিংরাদের নিয়ে গড়া আক্রমণভাগ যেকোনো রক্ষণ ভাঙতে সক্ষম। তবে অভিজ্ঞ স্ট্রাইকার সেবাস্টিয়ান হালেরের অনুপস্থিতিতে আক্রমণভাগের মূল দায়িত্ব নিতে হবে এলিয়ে ওয়াহি কিংবা ইভান গেসাঁকে।
 
এছাড়া রোম ডার্বিতে উরুর চোটে পড়া তারকা ডিফেন্ডার ইভান এনডিকার খেলার সম্ভাবনা খুবই কম থাকায় রক্ষণভাগ নিয়ে কিছুটা চিন্তায় রয়েছেন কোচ ফায়ে।

বিপরীতে সেবাস্টিয়ান বেকাসেসের অধীনে ইকুয়েডর দল বর্তমানে রয়েছে তাদের ইতিহাসের অন্যতম সেরা ছন্দে। গত দুই বছর ধরে অপরাজিত থাকা দলটির মূল শক্তির জায়গা তাদের ইস্পাতকঠিন রক্ষণভাগ, যারা সর্বশেষ ১৯ ম্যাচের মধ্যে ১৩টিতেই কোনো গোল হজম করেনি।
 
তবে প্রতিপক্ষের জাল খুঁজে নেওয়ার ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়েছে লাতিন আমেরিকার এই দলটির। এই সময়ে ম্যাচপ্রতি গড়ে মাত্র একটি করে গোল করতে পেরেছে তারা। দলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে অধিনায়ক ও সর্বোচ্চ গোলদাতা এনের ভ্যালেন্সিয়ার ফিটনেস সমস্যা।
 
জাতীয় দলের হয়ে ৪৯ গোল করা এই তারকার অনুপস্থিতি বড় ধাক্কা হলেও মোইসেস কাইসেদো, পিয়েরো হিনকাপিয়ে, উইলিয়ান পাচো এবং উদীয়মান তারকা কেন্দ্রি পায়েজের মতো প্রতিভাদের নিয়ে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে ইকুয়েডর। সাম্প্রতিক ফর্ম আর গ্রুপ পর্বের জটিল হিসাব-নিকাশে ম্যাচটি ফুটবলপ্রেমীদের জন্য একটি রোমাঞ্চকর দ্বৈরথ হতে যাচ্ছে।

Share: