Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান - Chief TV

বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান - Chief TV

2026-02-03  ডেস্ক রিপোর্ট  116 views
বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান - Chief TV

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী সোমবার বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নির্বাচনী ভাষণ দেবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিটিভিকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ বিষয়ে বিটিভির মহাপরিচালকের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠান।

চিঠিতে উল্লেখ করা হয়, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সমান প্রচারণার সুযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। রাষ্ট্রীয় গণমাধ্যমে সব প্রার্থীর জন্য সমান সুযোগ থাকলে নির্বাচনী পরিবেশ আরও ইতিবাচক হবে।

ইসি জানায়, বাংলাদেশ টেলিভিশনে রাজনৈতিক দলগুলোর প্রধানদের প্রচারের জন্য স্লট বরাদ্দ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে দেওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ৬ অনুসারে লিখিত আবেদন পাওয়ার সময়ক্রম অনুযায়ী স্লট নির্ধারণ করতে হবে। প্রতিটি দলের প্রধানের জন্য আলাদা স্লট ও সময়সীমা ঠিক করবে বিটিভি। এছাড়া প্রচারণা রেকর্ডিংয়ের দিন ও সময় সংশ্লিষ্ট দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে।

চিঠিতে আরও বলা হয়, যেসব রাজনৈতিক দল বিটিভিতে বক্তব্য দেওয়ার আবেদন করবে, তাদের আবেদন জমার ক্রমানুসারে সুযোগ দিতে হবে। তবে এখন পর্যন্ত বিএনপি ছাড়া অন্য কোনো দলের আবেদন না আসায়, বিএনপির অনুরোধ অনুযায়ী ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে দলীয় প্রধানকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে বিটিভিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী বিধি অনুযায়ী ২০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত প্রচারণা চালানো যাবে।


Share: