লন্ডনের মর্যাদাপূর্ণ ‘ট্রাভেল ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ প্রতিযোগিতায় ১৫–১৮ বছর বয়সী বিভাগে রানারআপ নির্বাচিত হয়েছেন কুড়িগ্রামের চিলমারীর সবুজপাড়ার কাবিউর রহমান রিয়াদ। ২৫ জানুয়ারি প্রতিযোগিতার ২৩তম আসরের ফলাফল ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেন তিনি।
তার ক্যামেরায় ধরা পড়ে চিলমারীর ব্রহ্মপুত্র নদের তীরে সারি সারি নৌকা আর ধূলিময় চরাঞ্চলে শিশুদের উচ্ছ্বাস—চর জীবনের বাস্তব দৃশ্যের এক অনন্য প্রতিফলন। বিশ্বের ১৬০টি দেশের আলোকচিত্রীদের পাঠানো ২০ হাজারেরও বেশি ছবির মধ্য থেকে তার ছবিটি নির্বাচিত হয়।
বর্তমানে কাবিউর রহমান রিয়াদ কুড়িগ্রাম সরকারি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী। তার বাবা জিয়াউর রহমান থানাহাট পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক এবং মা কুসুম আক্তার রুনা স্থানীয় একটি এনজিওতে অর্থ ও প্রশাসন সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন।
গত বছরের মার্চে ইনস্টাগ্রামে প্রতিযোগিতার বিজ্ঞাপন দেখে কাবিউর অংশগ্রহণ করেন। কয়েক ধাপের বাছাই শেষে নভেম্বরে তার ছবি চূড়ান্ত তালিকায় জায়গা করে নেয় এবং শেষ পর্যন্ত আসে কাঙ্ক্ষিত সাফল্য।
কাবিউর বলেন,
“আমি একজন ভালো আলোকচিত্রী হতে চাই। আমাদের এলাকার জীবন ও প্রকৃতিকে মানুষ সাধারণত যেভাবে দেখে না, লেন্সের মাধ্যমে সেই ভিন্ন রূপই তুলে ধরতে চাই। এই স্বীকৃতি আমাকে আরও এগিয়ে যাওয়ার প্রেরণা দিয়েছে।”