Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / কুড়িগ্রাম / কুড়িগ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে নদে ডুবে শিশুর মৃত্যু - Chief TV

কুড়িগ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে নদে ডুবে শিশুর মৃত্যু - Chief TV

2026-06-04  ডেস্ক রিপোর্ট  34 views
কুড়িগ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে নদে ডুবে শিশুর মৃত্যু - Chief TV
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নানাবাড়িতে বেড়াতে এসে নীলকমল নদের পানিতে ডুবে মুনতাহা জান্নাত নামের আট বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত ৯টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের নীলকমল নদ থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা শিশুটির লাশ উদ্ধার করেন।
 
নিহত মুনতাহা জান্নাত উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোচাবাড়ি গ্রামের আব্দুল মতিন ও মিম আক্তার দম্পতির মেয়ে। সে বাবা-মায়ের সঙ্গে বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ চর বড়ভিটা পাঠানটারী গ্রামে নানা গফুর মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে শিশু মুনতাহা সবার অজান্তে নানাবাড়ির নিকটবর্তী নীলকমল নদে গোসল করতে নেমে গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। পরে শিশুটির বাবা-মা ও নানাবাড়ির লোকজন তাকে দীর্ঘক্ষণ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।
 
একপর্যায়ে নদীর পানিতে ডুবে যেতে পারে এমন আশঙ্কায় ফুলবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে রাত ৯টার দিকে নীলকমল নদ থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়।
 
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নাইম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

Share: