Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বরিশাল বিভাগ / সারাদেশ / পটুয়াখালী / বৃষ্টির পানিতে ছাতা মাথায় পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা - Chief TV

বৃষ্টির পানিতে ছাতা মাথায় পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা - Chief TV

2026-07-13  ডেস্ক রিপোর্ট  38 views
বৃষ্টির পানিতে ছাতা মাথায় পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা - Chief TV

পটুয়াখালীর গলাচিপা উপজেলার কোটখালী ফাজিল মাদ্রাসায় অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালে শ্রেণিকক্ষের ছাদ দিয়ে বৃষ্টির পানি পড়ায় ছাতা মাথায় পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

রোববার (১২ জুলাই) অনুষ্ঠিত পরীক্ষার সময় শ্রেণিকক্ষের ছাদ থেকে টপটপ করে পানি পড়তে থাকে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী এক হাতে ছাতা ধরে এবং অন্য হাতে লিখে পরীক্ষা দিচ্ছেন। প্রতিকূল পরিবেশের মধ্যেও নির্ধারিত সময় পর্যন্ত পরীক্ষা চালিয়ে যেতে হয় তাদের।

স্থানীয়দের দাবি, ১৯২৭ সালে প্রতিষ্ঠিত কোটখালী ফাজিল মাদ্রাসার ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে ছাদের বিভিন্ন অংশ দিয়ে পানি চুঁইয়ে পড়ায় পাঠদান ও পরীক্ষা গ্রহণে নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

এদিকে, মাদ্রাসা প্রাঙ্গণে একটি নতুন ভবনের নির্মাণকাজ চললেও ধীরগতির কারণে এখনো সেটি শেষ হয়নি এবং ব্যবহার উপযোগী করা যায়নি। ফলে বাধ্য হয়ে পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবনেই পাঠদান ও পরীক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে।

ঘটনার পর স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন মহল দ্রুত ভবনটির সংস্কার এবং নির্মাণাধীন ভবনের কাজ শেষ করে শিক্ষার উপযোগী পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।a


Share: