Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / জয়পুরহাট / চার বছর পর আদালতের রায়ে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব নিলেন - Chief TV

চার বছর পর আদালতের রায়ে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব নিলেন - Chief TV

2026-01-20  রিফাত হোসেন মেশকাত, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি  122 views
চার বছর পর আদালতের রায়ে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব নিলেন - Chief TV

দীর্ঘ চার বছরের আইনি লড়াই শেষে আদালতের রায়ের ভিত্তিতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন আব্দুস সবুর পিন্টু

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁকে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত তিলকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে আব্দুস সবুর পিন্টু (তালা প্রতীক) ও মারুফ হাসান রনি (ফুটবল প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ শেষে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা মারুফ হাসান রনিকে এক ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করেন। তবে ফলাফল নিয়ে আপত্তি জানিয়ে আব্দুস সবুর পিন্টু ভোট গণনায় অনিয়মের অভিযোগ তোলেন।

পাঁচ দফা পুনর্গণনার পরও তাঁকে এক ভোটে পরাজিত দেখানো হয়। এরপর ২০২১ সালের ১৫ ডিসেম্বর তিনি জয়পুরহাট জজ আদালতের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে ২০২৪ সালের ১৫ অক্টোবর জেলা নির্বাচনী ট্রাইব্যুনাল (ইউনিয়ন পরিষদ) আদালতের বিচারক ইফতেখার শাহরিয়ার ভোট পুনর্গণনার আদেশ দেন।

আদালতে প্রকাশ্যে পুনর্গণনায় তালা প্রতীকে আব্দুস সবুর পিন্টু পান ১ হাজার ১১৪ ভোট এবং ফুটবল প্রতীকে মারুফ হাসান রনি পান ১ হাজার ১১১ ভোট। এতে তিন ভোটের ব্যবধানে আব্দুস সবুর পিন্টুকে বিজয়ী ঘোষণা করা হয়। আদালতের রায়ের পর নির্বাচন কমিশন তাঁকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার তাঁকে আনুষ্ঠানিকভাবে শপথ করানো হয়। এ সময় তিলকপুর ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণের পর আব্দুস সবুর পিন্টু বলেন,
“২০২১ সালের নির্বাচনে আমি প্রকৃত বিজয়ী ছিলাম। অনৈতিকভাবে আমাকে এক ভোটে পরাজিত দেখানো হয়েছিল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।”

তিনি আরও বলেন, আদালতের রায় কার্যকর হওয়ায় এখন তিনি এলাকার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী তিলকপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে আব্দুস সবুর পিন্টুকে শপথ করানো হয়েছে। শপথ গ্রহণের মধ্য দিয়েই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।


Share: