Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / চার্জে থাকা মোবাইল ফোন বিস্ফোরণ, দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু - Chief TV

চার্জে থাকা মোবাইল ফোন বিস্ফোরণ, দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু - Chief TV

2026-06-15  ডেস্ক রিপোর্ট  30 views
চার্জে থাকা মোবাইল ফোন বিস্ফোরণ, দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু - Chief TV

সাভারের আশুলিয়ায় চার্জে থাকা মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হওয়া ব্যবসায়ী মিজানুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নোয়াপাড়া এলাকার সিদ্দিক ভেণ্ডার বাড়ির বাসিন্দা ছিলেন। জীবিকার তাগিদে আশুলিয়ায় ভাড়া বাসায় থেকে স্টক লটের ব্যবসা করতেন তিনি।

জানা গেছে, গত শনিবার গভীর রাতে আশুলিয়ার রশিদ মার্কেটসংলগ্ন এলাকায় আলীমের ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে। ঘুমানোর আগে দুটি মোবাইল ফোন চার্জে লাগিয়ে রেখেছিলেন মিজানুর রহমান। একপর্যায়ে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন।

প্রতিবেশীরা জানান, রাতের নীরবতা ভেঙে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। কক্ষের বারান্দার তালা ভেঙে মিজানুর রহমানকে উদ্ধার করা হয়। এ সময় ঘরের কিছু আসবাবপত্র পুড়ে যায় এবং মোবাইল ফোনের পোড়া অংশ কক্ষজুড়ে ছড়িয়ে থাকতে দেখা যায়।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্বজন শওকত ওসমান সুজন জানান, মিজানুর রহমান ঢাকায় একা বসবাস করে ব্যবসা পরিচালনা করতেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, তিন কন্যা ও এক পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। সোমবার তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করার কথা রয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, দুটি মোবাইল ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে ছিলেন মিজানুর রহমান। হঠাৎ ফোন বিস্ফোরিত হলে তিনি দগ্ধ হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


Share: