Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / পঞ্চগড় / দেশীয় ফলের বৈচিত্র্যে পঞ্চগড়ে শুরু জাতীয় ফল মেলা-২০২৬ - Chief TV

দেশীয় ফলের বৈচিত্র্যে পঞ্চগড়ে শুরু জাতীয় ফল মেলা-২০২৬ - Chief TV

2026-06-25  ডেস্ক রিপোর্ট  36 views
দেশীয় ফলের বৈচিত্র্যে পঞ্চগড়ে শুরু জাতীয় ফল মেলা-২০২৬ - Chief TV

পঞ্চগড়ে দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফল চাষে আধুনিক প্রযুক্তির প্রসারে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড় সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুন্নবী এবং সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল মতিন।

এবারের মেলার প্রতিপাদ্য “করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”। মেলায় দেশীয় ও মৌসুমি বিভিন্ন ফলের প্রদর্শনীর পাশাপাশি আধুনিক ফল চাষ প্রযুক্তি, ফল সংরক্ষণ পদ্ধতি এবং কৃষকদের বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরা হয়েছে।

আয়োজকরা জানান, মানুষের মধ্যে ফলভিত্তিক পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দেশীয় ফলের প্রতি আগ্রহ সৃষ্টি এবং কৃষকদের আধুনিক ও লাভজনক ফল চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় জেলার বিভিন্ন কৃষক, ফলচাষি, উদ্যোক্তা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে নানা ধরনের স্টল স্থান পেয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কৃষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আগামী ২৭ জুন পর্যন্ত চলমান এ মেলায় দর্শনার্থীরা দেশীয় ফলের বৈচিত্র্য সম্পর্কে জানার পাশাপাশি আধুনিক ফল চাষ ও সংরক্ষণ বিষয়ে ধারণা লাভ করতে পারবেন। আয়োজকরা আশা করছেন, এ আয়োজন জেলার কৃষকদের মধ্যে ফল চাষে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং কৃষি অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে সহায়ক ভূমিকা রাখবে।


Share: