গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের মদিয়ারপুকুর গুচ্ছ গ্রাম থেকে দুটি গাঁজা গাছ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা গাছ দুটি আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার নেতৃত্বে পরিচালিত অভিযানে গাঁজা গাছ দুটি উদ্ধার করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় যুবক শাহ আলম কবির প্রশাসনকে গাঁজা গাছ থাকার বিষয়ে তথ্য দেন।
তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালিয়ে গাছ দুটি উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সেগুলো ধ্বংস করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, “মাদকদ্রব্যের চাষ, উৎপাদন ও বিস্তার রোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। এ ধরনের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।
স্থানীয়দের মতে, মাদকবিরোধী এ ধরনের অভিযান সমাজে ইতিবাচক বার্তা দেবে এবং মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যক্রমকে আরও বেগবান করবে। তারা ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানান।