গাইবান্ধা সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. উজ্জল মিয়া (২৫) নামে এক কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গাইবান্ধা সদর থানাধীন ২ নম্বর মালিবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিসামত মালিবাড়ি মধ্যপাড়া গ্রামে লাল মিয়ার বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কেনাবেচার অভিযোগে মো. উজ্জল মিয়াকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের সামনের বাম পকেটে বিশেষ কায়দায় রাখা সাদা পলিথিনে মোড়ানো ৭০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃত মো. উজ্জল মিয়া গাইবান্ধা সদর থানার কাউন্সিলর বাজার এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এদিকে জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।