Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / আন্তর্জাতিক / দ্বিতীয় বিয়ে করলেই শাস্তি - Chief TV

দ্বিতীয় বিয়ে করলেই শাস্তি - Chief TV

2025-11-29  ডেস্ক রিপোর্ট  142 views
দ্বিতীয় বিয়ে করলেই শাস্তি - Chief TV

ভারতের আসাম রাজ্য বহুবিবাহকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ও অপরাধ হিসেবে ঘোষণা করে আইন প্রণয়নের পথে এক ধাপ এগিয়ে গেল। মঙ্গলবার (২৫ নভেম্বর) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বিধানসভায় ‘আসাম বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল, ২০২৫’ উত্থাপন করেন, যেখানে বহুবিবাহকে সরাসরি অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই বিল পাস হলে প্রথম স্বামী বা স্ত্রী জীবিত থাকা অবস্থায় দ্বিতীয়বার বিয়ে করলে কঠোর শাস্তির বিধান কার্যকর হবে।

স্পিকার বিশ্বজিৎ দাইমারির অনুমতিক্রমে মুখ্যমন্ত্রী এই বিলটি পেশ করেন। বিরোধী দল কংগ্রেস, সিপিএম ও রাইজোর বিধায়কেরা ওয়াকআউট করায় তাদের অনুপস্থিতিতেই বিলটি উত্থাপন করা হয়।

প্রস্তাবিত আইন অনুযায়ী, কেউ যদি প্রথম স্ত্রী বা স্বামী জীবিত থাকা অবস্থায় ফের বিয়ে করে, তার সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড হতে পারে। তবে কেউ যদি প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ের চেষ্টা করে, সেই ক্ষেত্রে শাস্তির মেয়াদ বেড়ে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত হতে পারে। এই শাস্তির সঙ্গে জরিমানাও প্রযোজ্য হবে।

বিলটির লক্ষ্য—রাজ্যে বহুবিবাহের প্রচলন সম্পূর্ণরূপে বন্ধ করা। নতুন আইনে কেবল বহুবিবাহকারী দম্পতিই নয়, পুরো বিবাহ প্রক্রিয়ায় যারা জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। অর্থাৎ কাজি, পুরোহিত, গ্রামপ্রধান, পিতা-মাতা বা আইনগত অভিভাবক—যারা এই অপরাধমূলক বিবাহে সহায়তা করবেন, তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী নারীদের ক্ষতিপূরণের বিষয়টিও এই বিলে অন্তর্ভুক্ত আছে। প্রস্তাবিত আইনটি ষষ্ঠ তফসিলভুক্ত এলাকা ছাড়া আসামজুড়ে কার্যকর হবে। তবে সংবিধানের ৩৪২ অনুচ্ছেদে উল্লেখিত তফসিলি জাতি ও জনজাতির সদস্যদের এই আইন থেকে অব্যাহতি দেওয়া হবে।
 


Share: