ফুটবল মাঠে জাদুকরী নৈপুণ্যের জন্য পরিচিত লিওনেল মেসি এবার হাজির হলেন মার্ভেলের জনপ্রিয় সুপারহিরো স্পাইডার-ম্যানের সঙ্গে। আসন্ন চলচ্চিত্র ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’র একটি প্রচারণামূলক বিজ্ঞাপনে টম হল্যান্ডের সঙ্গে মেসির উপস্থিতি প্রকাশের পর থেকেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ইএসপিএনের তথ্য অনুযায়ী, বিজ্ঞাপনটিতে দেখা যায় মেসি একটি কফি শপে প্রবেশ করেন। সেখানে সাধারণ পোশাকে থাকা পিটার পার্কার (টম হল্যান্ড)-এর সঙ্গে তার সাক্ষাৎ হয়। মেসি তাকে জানান, তিনি ফোনে থাকা একটি ‘স্পাইডি ট্র্যাকার’ ব্যবহার করে শহরজুড়ে স্পাইডার-ম্যানকে খুঁজছেন।
এরপর মুহূর্তেই পিটার পার্কার অদৃশ্য হয়ে যান এবং তার জায়গায় হাজির হন স্পাইডার-ম্যান। সংক্ষিপ্ত কথোপকথনের পর দুজনকে একসঙ্গে শহরের আকাশে জাল ছুড়ে অভিযান চালাতে দেখা যায়, যা দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছে।
বিজ্ঞাপনটি প্রকাশের পর থেকেই ফুটবলপ্রেমী ও মার্ভেল ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই এটিকে বছরের অন্যতম সেরা প্রচারণামূলক বিজ্ঞাপন হিসেবে অভিহিত করছেন।
বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের বিজ্ঞাপনে নিয়মিতভাবে দেখা যাচ্ছে মেসিকে। স্পাইডার-ম্যানের এই প্রচারণায় তার অংশগ্রহণও সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমায় স্পাইডার-ম্যান চরিত্রে রয়েছেন টম হল্যান্ড, এমজে চরিত্রে জেনডায়া। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন জন বার্নথাল ও মার্ক রাফালো। সিনেমাটি চলতি মাসের শেষ দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে।