বর্তমান সময়ে ব্যক্তিগত ও অফিসের কাজ একসাথে চালানোর জন্য একাধিক ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করা প্রায় অপরিহার্য। কিন্তু প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা অ্যাপ ব্যবহার করা ঝামেলার পাশাপাশি ফোনের স্টোরেজও বেশি নষ্ট হয়। এই সমস্যার সমাধান হিসেবে গুগল এখন Gmail অ্যাপে নিয়ে এসেছে নতুন সুবিধা।
এখন একটি অ্যাপেই গুগল ছাড়াও Yahoo, Outlook, iCloud এবং অন্যান্য ই-মেইল সার্ভিস ব্যবহার করা যাবে। ফলে ব্যবহারকারীদের আলাদা অ্যাপের ঝামেলা এবং স্টোরেজ খরচ কমে যাবে।
নতুন অ্যাকাউন্ট যুক্ত করার ধাপ
ফোনে Gmail অ্যাপটি খুলুন।
উপরের ডানদিকে প্রোফাইল ছবিতে (Profile Picture) ট্যাপ করুন।
‘Add another account’ অপশন নির্বাচন করুন।
আপনার ই-মেইল সার্ভিস বেছে নিন (যেমন- Google, Outlook, iCloud, Yahoo)।
পরবর্তী ধাপে ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে সাইন-ইন করুন। টু-স্টেপ ভেরিফিকেশন থাকলে তা যাচাই করুন।
তালিকার বাইরে থাকা ই-মেইল যুক্ত করা
যদি আপনার ই-মেইল সার্ভিস সরাসরি তালিকায় না থাকে, তা হলে:
‘Add another account’ থেকে 'Other’ অপশন নির্বাচন করুন।
ই-মেইল ঠিকানা লিখে 'Personal (IMAP)’ মোড বেছে নিন।
সার্ভার সেটিংস (সার্ভার নাম, পোর্ট, সিকিউরিটি মোড) দিয়ে সাইন-ইন সম্পন্ন করুন।
সব অ্যাকাউন্টের মেসেজ একসঙ্গে দেখার ফিচার
Gmail অ্যাপের 'All inboxes’ ফিচার চালু করলে সব অ্যাকাউন্টের ইনকামিং মেসেজ একসাথে একটি ফিডে দেখা যাবে। এতে বারবার প্রোফাইল পরিবর্তনের প্রয়োজন পড়ে না।
যদি কোনো অ্যাকাউন্ট আর প্রয়োজন না হয়, ‘Manage accounts on this device’ থেকে সহজেই তা সরানো সম্ভব।