Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / একসাথে থাকলে কেউ আমাদের পরাজিত করতে পারবে না - Chief TV

একসাথে থাকলে কেউ আমাদের পরাজিত করতে পারবে না - Chief TV

2026-01-25  রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি  112 views
একসাথে থাকলে কেউ আমাদের পরাজিত করতে পারবে না - Chief TV

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর ইসকন মন্দির এলাকায় আয়োজিত এক পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সবাই একসাথে থাকলে কোনো শক্তিই আমাদের পরাজিত করতে পারবে না।

রোববার (২৫ জানুয়ারি) ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গড়েয়া ইউনিয়নের গোপালপুর ইসকন মন্দিরে এ পথসভা অনুষ্ঠিত হয়।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, এই দেশ আপনাদের। এখানে ভয় বা শঙ্কার কোনো কারণ নেই। আপনারা নিশ্চিন্তে ভোট দেবেন। বিএনপি আপনাদের পাশে আছে, ছিল এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে।

মির্জা ফখরুল বলেন, আমরা শেখ হাসিনাকে বারবার বলেছিলাম—এভাবে অত্যাচার-নির্যাতন করলে একদিন পালানোর পথও খুঁজে পাবেন না। আজ তিনি পালিয়ে বেঁচে গেলেও যারা আওয়ামী লীগ করতেন, তারা তো এই দেশেরই মানুষ। তাদের বাড়িঘর এখানেই। ফলে এখন তারা ভয় ও শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন।

বিশেষভাবে হিন্দু সম্প্রদায়ের প্রতি আশ্বাস দিয়ে তিনি বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের কেউ কোনো ক্ষতির শিকার হবেন না। বিএনপি কখনো আপনাদের ছেড়ে যায়নি, ভবিষ্যতেও যাবে না।

তিনি আরও বলেন, বর্তমানে নতুন একটি দল মাঠে এসেছে। তবে তরুণ প্রজন্ম ভালো-মন্দ বিচার করতে জানে। তারা বোঝে কোন দল পরীক্ষিত এবং জনগণের পাশে থাকে। আমরা বহুবার নির্বাচনে অংশ নিয়েছি, হেরেছি—তবুও আপনাদের ছেড়ে যাইনি। আমি নিজে ১৯৯১ সাল থেকে রাজনীতি ও নির্বাচনের সঙ্গে যুক্ত। বহুবার পরাজিত হয়েছি, কিন্তু সব সময় মানুষের পাশেই ছিলাম।

ক্ষমতায় এলে এলাকার উন্নয়নের আশ্বাস দিয়ে বিএনপি মহাসচিব বলেন, রাস্তা-ঘাট, স্কুল-কলেজ এবং হিন্দু সম্প্রদায়ের মন্দির সংস্কার করা হবে। পাশাপাশি যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, কৃষকদের হাতে কৃষি কার্ড এবং মা-বোনদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে।

তিনি বলেন, আমরা স্বাস্থ্যসেবার উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করব। এমন একটি বাংলাদেশ গড়ে তুলব, যেখানে কেউ কারো ওপর অত্যাচার-নির্যাতন করতে পারবে না।


Share: