Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / ফরিদপুরে ট্রাকচাপায় জামায়াত নেতা নিহত- Chief TV

ফরিদপুরে ট্রাকচাপায় জামায়াত নেতা নিহত- Chief TV

2025-10-27  ডেস্ক রিপোর্ট  145 views
ফরিদপুরে ট্রাকচাপায় জামায়াত নেতা নিহত- Chief TV

ফরিদপুরে দলীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মোসাদ্দেক আহমেদ (৪২) নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের ফরিদপুর পৌরসভার বদরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোসাদ্দেক ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখাঁরহাট গ্রামের ইসাহাক কাজীর ছেলে। তিনি ফরিদপুর পৌর জামায়াতের যুব বিভাগের সভাপতি এবং ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ছিলেন।

হাইওয়ে পুলিশ জানায়, মোসাদ্দেক আহমেদ ও আরও একজন ব্যক্তি মোটরসাইকেলে করে ফরিদপুর সদরের কানাইপুর থেকে শহরের দিকে যাচ্ছিলেন। পথে বদরপুর এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে চাপা দেয় এবং দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোসাদ্দেক আহমেদের মৃত্যু হয়।

খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেন্দ্রীয় জামায়াতের শূরা সদস্য ও ফরিদপুর-৩ (সদর) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াব বলেন, “রোববার ফরিদপুর সদরের কানাইপুরে আমার নির্বাচনী প্রোগ্রাম শেষ করে ফেরার পথে মোসাদ্দেক দুর্ঘটনায় নিহত হন।”

তিনি আরও জানান, সোমবার সকাল ১০টার দিকে ফরিদপুর কোর্ট চত্বরে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর দেড়টার দিকে মমিনখার হাট উচ্চবিদ্যালয়ে দ্বিতীয় জানাজার পর তাকে কবরস্থ করা হবে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে জানা গেছে, একটি অজ্ঞাত ট্রাক মোসাদ্দেককে বহনকারী মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্ত ও চালককে আটক করার চেষ্টা চলছে।”

মোসাদ্দেক আহমেদের মৃত্যুর খবরে ফরিদপুরে তার সহকর্মী ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


Share:

ট্যাগস: chief tv news chief tv political news