জুলাই আন্দোলনের সময় ঢাকার মধ্য বাড্ডার ইউলুপ এলাকায় যুবক দুর্জয় আহম্মেদের ওপর গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় তিন শীর্ষ ব্যক্তিকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। তারা হলেন—সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান।
বুধবার (৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম মামলাটিতে তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম কিবরিয়া খান আদালতে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানির দিন আসামিদের আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন আবেদনের পক্ষে শুনানি করেন।
মামলার অভিযোগে বলা হয়, জুলাই আন্দোলন চলাকালে ২০ জুলাই মধ্য বাড্ডার ইউলুপ এলাকার পোস্ট অফিস গলির মুখে রাস্তায় অবস্থানকালে দুর্জয় আহম্মেদের ওপর গুলি চালানো হয়। এতে তিনি চোখে গুলিবিদ্ধ হয়ে দৃষ্টিশক্তি হারান। পাশাপাশি মাথার পেছনে গুরুতর আঘাত পান। ঘটনার পর তিনি একাধিক হাসপাতালে চিকিৎসা নেন।
এই ঘটনার পর দুর্জয় আহম্মেদ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৯০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।