শেরপুরের শ্রীবরদী উপজেলার ৩নং কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন, বর্ণাঢ্য র্যালি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন ২০২৬) অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ – ৩য় পর্যায় প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক আলোচনা সভা। এতে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গ্রাম আদালতের সেবাগ্রহীতারা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা এবং সাধারণ মানুষের জন্য এর গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, গ্রাম আদালতের মাধ্যমে স্বল্প সময়ে, স্বল্প খরচে এবং সহজ প্রক্রিয়ায় স্থানীয় বিরোধ নিষ্পত্তি করা সম্ভব। এতে আদালতের মামলা কমার পাশাপাশি গ্রামীণ পর্যায়ে শান্তি, শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় থাকে।
বক্তারা আরও বলেন, জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই এ সেবা সম্পর্কে সকলকে সচেতন হতে হবে এবং প্রয়োজন অনুযায়ী গ্রাম আদালতের সহায়তা গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
ক্যাম্পেইনে অংশগ্রহণকারী সাধারণ জনগণ গ্রাম আদালতের বিভিন্ন সেবা সম্পর্কে জানতে পারেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।