খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে “বৃক্ষরোপণ অভিযান-২০২৬” এর উদ্বোধন ও একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ জুন (রোববার) খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে. এম. ওবায়দুল হক। বিশেষ অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মিজ শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজ্জাদ হোসেন এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আফছারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের অপরিহার্যতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি প্লাস্টিক বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা এবং কম্পোস্ট সার উৎপাদনের বিষয়েও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনের পর উপস্থিত অতিথিদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি, বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে খাগড়াছড়ি সেনানিবাসের কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সর্বস্তরের মানুষ অংশ নেন।