আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ ও ফেনী-৩ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ফেনী-১ আসনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। যদিও এর আগে দলীয় আহ্বায়ক নাহিদ ইসলাম গণমাধ্যমকে জানিয়েছিলেন, খালেদা জিয়ার আসনে এনসিপি কোনো প্রার্থী দেবে না। কিন্তু দলীয় প্রধানের এ ঘোষণার পরও ফেনী-১ আসনে মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ৬ নভেম্বর থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে এনসিপি। ফরমের ন্যূনতম মূল্য ১০ হাজার টাকা, আর যুদ্ধাহত ও হতাহতদের জন্য ফি দুই হাজার টাকা।
ফেনী-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য এহসানুল মাহবুব জোবায়ের, এবং ফেনী-৩ আসন থেকে ফরম সংগ্রহ করেছেন আরেক সদস্য জাহিদুল ইসলাম সৈকত।
মনোনয়ন ফরম নেওয়ার পর এহসানুল মাহবুব জোবায়ের বলেন,
“আগামী ১৩ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম চলবে। আমি ফেনী-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। সেদিক থেকে বগুড়ার আসনটি এনসিপির পক্ষ থেকে ছাড় দেওয়ার একটি প্রাথমিক কথা হয়েছে। আশা করি দল আমাকে মনোনয়ন দেবে।”
অপরদিকে জাহিদুল ইসলাম সৈকত বলেন,
“আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতীয় নাগরিক পার্টি তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। দাগনভূঞা ও সোনাগাজীর জনগণ ইতিপূর্বে জনপ্রতিনিধি হিসেবে যাদেরকে পেয়েছেন, তারা কখনো জনগণের পাশে ছিলেন না। আমি তরুণদের প্রতিনিধিত্ব করি এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। এই আসনের উন্নয়ন ও তরুণ সমাজকে রাজনীতির ইতিবাচক ধারায় যুক্ত করার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিতে চাই। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি।”
ফেনী-১ ও ফেনী-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে এনসিপি নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে।