Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / খামেনির জানাজায় যোগ দিতে ইরানের উদ্দেশে ঢাকা ছাড়লেন যারা - Chief TV

খামেনির জানাজায় যোগ দিতে ইরানের উদ্দেশে ঢাকা ছাড়লেন যারা - Chief TV

2026-07-02  ডেস্ক রিপোর্ট  29 views
খামেনির জানাজায় যোগ দিতে ইরানের উদ্দেশে ঢাকা ছাড়লেন যারা - Chief TV
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠানে অংশ নিতে ঢাকা ছেড়েছে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্যরা।
 
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় স্পিকার তাঁর পাঁচ সদস্যের সফরসঙ্গী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ওমানের মাসকাটের উদ্দেশে রওনা হন। সেখান থেকে ট্রানজিট নিয়ে তাদের ইরানে পৌঁছানোর কথা রয়েছে।
 
স্পিকারের সফরসঙ্গী হিসেবে এই প্রতিনিধিদলে আরও রয়েছেন স্পিকারের একান্ত সচিব এ বি এম রওশন কবির, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, রংপুর-৬ আসনের সংসদ সদস্য নুরুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কেরামত আলী এবং মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সৈয়দ উদ্দিন আহমদ হানজালা।

একই দিন সকালে ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন দেশের অন্যান্য রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিরাও।
 
সকাল ৭টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে তেহরানের উদ্দেশে রওনা হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মো. নাসিরউদ্দিন পাটোয়ারী এবং জামায়াতে ইসলামীর অন্যতম নেতা ড. এস এম খালিদুজ্জামান।
 
সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে, তেহরানে পৌঁছানোর পর বাংলাদেশের এই প্রতিনিধিদলটি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার শেষকৃত্য ও রাষ্ট্রীয় বিশেষ শোকানুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করবে এবং বাংলাদেশের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করবে।

Share: