জয়পুরহাটের আক্কেলপুরে খেলতে গিয়ে বাড়ির পাশের একটি পুকুরে ডুবে রুহি আক্তার (২ বছর ৩ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহি আক্তার পৌরসভার পশ্চিম বিহারপুর এলাকার রাকিবুল ইসলাম রাজের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে রুহি বাড়ির পাশে আরও কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে সে পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের লোকজন পুকুরে উপুড় হয়ে ভাসতে থাকা অবস্থায় রুহিকে দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে দুপুর ১২টার দিকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর দাদা নুরুন্নবী বকুল বলেন, “আমি বাজার থেকে বাড়িতে ফিরে নাতনিকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করি। পরে বাড়ির পাশের পুকুরে উপুড় হয়ে ভাসতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রায়হানুল ইসলাম বলেন, “শিশুটিকে হাসপাতালে আনার আগেই পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে শিশুটির হাত-পা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।”
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোমিনুল ইসলাম বলেন, “খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”