Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / কুমিল্লা / লালমাইয়ের ওসিকে এমপির ‘লাল কার্ড’: থানা থেকে প্রত্যাহারের আলটিমেটাম - Chief TV

লালমাইয়ের ওসিকে এমপির ‘লাল কার্ড’: থানা থেকে প্রত্যাহারের আলটিমেটাম - Chief TV

2026-06-14  ডেস্ক রিপোর্ট  31 views
লালমাইয়ের ওসিকে এমপির ‘লাল কার্ড’: থানা থেকে প্রত্যাহারের আলটিমেটাম - Chief TV
কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামানের বিরুদ্ধে প্রকাশ্যে চরম ক্ষোভ প্রকাশ করে তাকে কার্যত ‘লাল কার্ড’ দেখানোর ঘোষণা দিয়েছেন।
 
বর্তমান ওসির নানা কর্মকাণ্ড ও আইনগত ভূমিকা নিয়ে তিনি সম্পূর্ণ অসন্তুষ্ট এবং তাকে দ্রুত লালমাই থানা থেকে প্রত্যাহারের জন্য ইতোমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জোরালো তাগিদ দিয়েছেন বলেও জানান।
 
শনিবার (১৩ জুন) রাতে লালমাই উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় এমপি সরাসরি ওসির বিরুদ্ধে এসব বিস্ফোরক মন্তব্য করেন।

মতবিনিময়কালে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া স্পষ্ট ভাষায় বলেন যে, লালমাইয়ের ওসিকে তিনি লাল কার্ড দেখিয়েছেন এবং এই ওসির তার নির্বাচনি এলাকায় থাকার কোনো প্রয়োজন নেই।
 
তিনি অভিযোগ করে বলেন, ওসি নুরুজ্জামান লালমাই থানায় যোগদানের পর থেকে এলাকায় বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী অপরাধী নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান বা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করেননি।
 
আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশের এমন রহস্যজনক ও নিষ্ক্রিয় ভূমিকার কারণে সাধারণ মানুষের মনে চরম অসন্তোষ ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এমপি আরও অভিযোগ করেন, তিনি এলাকায় রাজনৈতিক বা সরকারি সফরে গেলে অনেক সময় ওসিকে পাশে পাওয়া যায় না এবং বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে যোগাযোগ করতে গেলেও কাঙ্ক্ষিত সহযোগিতা মেলে না।

ক্ষোভ প্রকাশ করে সংসদ সদস্য আরও বলেন যে, ওসি তাকে উল্টো আইন শেখানোর চেষ্টা করেন, যা একজন জনপ্রতিনিধি হিসেবে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
 
প্রশাসনের কিছু কর্মকর্তার ছত্রছায়ায় বিতর্কিত ব্যক্তিরা এলাকায় রাজনৈতিকভাবে পুনর্বাসনের সুযোগ পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি তিনি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এবং কুমিল্লার পুলিশ সুপারের নজরে এনেছেন।
 
এরপরও যদি তাকে সরানোর কোনো কার্যকর উদ্যোগ দৃশ্যমান না হয়, তবে জনগণের স্বার্থে এই বিষয়টি তিনি আসন্ন জাতীয় সংসদ অধিবেশনেও উত্থাপন করবেন।

এদিকে প্রকাশ্য মঞ্চ থেকে একজন সংসদ সদস্য কর্তৃক থানার ওসির বিরুদ্ধে এমন কঠোর অবস্থান ও ‘লাল কার্ড’ দেখানোর বক্তব্য স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে।
 
এই বিষয়ে জানতে চাইলে লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানাতে রাজি হননি।
 
স্থানীয় সচেতন মহলের মতে, জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যকার এমন প্রকাশ্য বিরোধ দ্রুত মেটানো না হলে ভবিষ্যতে স্থানীয় আইনশৃঙ্খলায় এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

Share: