লালমনি এক্সপ্রেস ট্রেনে ভুয়া পরিচয়ে টিকিট চেকিংয়ের মাধ্যমে যাত্রীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) বিকেলে ট্রেনের ‘চ’ বগিতে এক ব্যক্তি নিজেকে ট্রেন পরিচালক (গার্ড) পরিচয় দিয়ে যাত্রীদের টিকিট যাচাই করছিলেন। বিষয়টি ট্রেনের দায়িত্বপ্রাপ্ত অ্যাটেনডেন্ট মো. হাবিবুর রহমানের নজরে এলে তিনি সন্দেহবশত ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন। জবাবে তিনি নিজেকে গার্ড হিসেবে পরিচয় দেন। এতে সন্দেহ আরও ঘনীভূত হলে অ্যাটেনডেন্ট তাৎক্ষণিকভাবে ট্রেন পরিচালক মো. রবিউল ইসলামকে বিষয়টি অবহিত করেন।
পরে ট্রেন পরিচালক রবিউল ইসলাম ট্রেনে দায়িত্বরত রেলওয়ে পুলিশকে জানালে ডিউটিরত এএসআই মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। অ্যাটেনডেন্টের সহায়তায় ‘চ’ কোচ থেকে অভিযুক্ত মো. হুমায়ুন কবির (২৬)-কে আটক করা হয়।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আটক হুমায়ুন কবির গাইবান্ধার সাঘাটা উপজেলার নছিরেরপাড়া এলাকার মো. আব্দুল হামিদের ছেলে। তিনি নিজেকে ট্রেনের কর্মচারী বা গার্ড পরিচয় দিয়ে যাত্রীদের টিকিট যাচাই করছিলেন এবং অর্থ আদায়ের চেষ্টা করছিলেন।
এ বিষয়ে এএসআই মো. মিজানুর রহমান বলেন, “আমরা লালমনি এক্সপ্রেস ট্রেনে ডিউটি পালনকালে টহলে ছিলাম। খবর পেয়ে ‘চ’ কোচে গিয়ে অভিযুক্তকে হাতেনাতে আটক করা হয়।”
পরবর্তীতে ট্রেন পরিচালক লিখিত মেমো প্রদান করলে অভিযুক্তকে বগুড়া স্টেশনে নামিয়ে জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।