Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খেলাধুলা / মেসিকে চিঠি লিখে ৮ বছর বয়সী ভক্তের স্বপ্ন পূরণ - Chief TV

মেসিকে চিঠি লিখে ৮ বছর বয়সী ভক্তের স্বপ্ন পূরণ - Chief TV

2026-07-02  ডেস্ক রিপোর্ট  31 views
মেসিকে চিঠি লিখে ৮ বছর বয়সী ভক্তের স্বপ্ন পূরণ - Chief TV
লিওনেল মেসির জন্মদিনে হৃদয়ছোঁয়া একটি চিঠি লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ৮ বছর বয়সী মানু লিটউইর জীবনে যেন নেমে এসেছে স্বপ্নপূরণের মুহূর্ত।
 
আর্জেন্টিনোস জুনিয়র্সের যুব দলে খেলা এই ক্ষুদে ফুটবলপ্রেমী এবার চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে। শুধু তাই নয়, তার আইডল লিওনেল মেসির সঙ্গে সরাসরি দেখা করার সুযোগও তৈরি হয়েছে।

ঘটনার শুরু আর্জেন্টিনার টেলিভিশন চ্যানেল ওলগার ‘সেরিয়া ইনক্রেদিবল’ অনুষ্ঠানে। সেখানে মানু মেসির উদ্দেশে লেখা নিজের চিঠিটি পড়ে শোনায়। চিঠিতে সে জানায়, মেসি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং কেন তাকে নিজের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা মনে করে।

মেসির ফুটবল দক্ষতার পাশাপাশি তার মানবিক গুণাবলীরও প্রশংসা করে মানু। সে বলে, মাঠে মেসিকে দেখলে মনে হয় বল আর মানুষটি যেন এক হয়ে গেছেন। তবে মেসির যে বিষয়টি তাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে, তা হলো সতীর্থদের পাশে থাকা, কখনো হাল না ছাড়া এবং কঠিন পরিস্থিতিতেও লড়ে যাওয়ার মানসিকতা।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মেসির বাণিজ্যিক অংশীদার ও আর্জেন্টিনার একটি সুপরিচিত ব্র্যান্ড মানুর পরিবারের সঙ্গে যোগাযোগ করে। পরে একটি চিঠির মাধ্যমে মানু ও তার পরিবারকে যুক্তরাষ্ট্রে গিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ ম্যাচ উপভোগ করার আমন্ত্রণ জানানো হয়।

চিঠিতে নিজের স্বপ্নের কথাও জানিয়েছে মানু। আর্জেন্টিনোস জুনিয়র্সে খেলা এই ক্ষুদে ফুটবলার একদিন পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে। তার বিশ্বাস, অসম্ভব মনে হওয়া স্বপ্নও বাস্তবে রূপ নিতে পারে, আর সেই বিশ্বাসের সবচেয়ে বড় উদাহরণ লিওনেল মেসি।

ধারণা করা হচ্ছে, বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকবে মানু। সেই সঙ্গে জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্ত—নিজের আইডল লিওনেল মেসির সঙ্গে সাক্ষাতের সুযোগও পেতে যাচ্ছে এই ছোট্ট ভক্ত।

Share: